শুক্রবার, ০৩ Jul ২০২৬, ১১:৪৬ পূর্বাহ্ন

৪৪ মেগাপিক্সেল ডুয়াল সেলফি ক্যামেরার ফোন

তথ্য ও প্রযুক্তি ডেস্ক, নগরকন্ঠ.কম : দেশের বাজারে নতুন ফ্ল্যাগশিপ স্মার্টফোন রেনো থ্রি প্রো এনেছে অপো। আজ এক অনলাইন লঞ্চ ইভেন্টে স্মার্টফোনটি দেশের বাজারে উন্মোচন করা হয়।

অপো রেনো থ্রি প্রো স্মার্টফোনটিতে থাকছে ৬.৪ ইঞ্চি সুপার অ্যামোলেড পাঞ্চহোল ডিসপ্লে, যেখানে আছে ৪৪ মেগাপিক্সেল এবং ২ মেগাপিক্সেলের ডুয়াল ফ্রন্ট ক্যামেরা। ফোনটির ডিসপ্লের পিক্সেল ডেনসিটি ৪০৫ পিপিআই এবং ব্রাইটনেস ৮০০ নিটস।

নতুন ফোনটিতে আছে চারটি রিয়ার ক্যামেরা। এর প্রধান সেন্সর ৬৪ মেগাপিক্সেলের যার অ্যাপারচার এফ/১.৭। এছাড়া আছে ১৩ মেগাপিক্সেল টেলিফটো লেন্স, ৮ মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড লেন্স এবং ২ মেগাপিক্সেল মনোক্রোম সেন্সর। ফোনটিতে ৫এক্স হাইব্রিড জুম এবং ২০এক্স ডিজিটাল জুম সুবিধা থাকছে।

রেনো থ্রি প্রো স্মার্টফোনে ব্যবহার করা হয়েছে মিডিয়াটেক হেলিও পি৯৫ চিপসেট যাতে থাকছে সর্বাধুনিক প্রযুক্তির এআই প্রসেসিং ইঞ্জিন। ৮ জিবি র‌্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজ ক্যাপাসিটির এ ফোনটিতে ডেডিকেটেড মাইক্রো এসডি কার্ড স্লট থাকায় দুটি সিম কার্ড ব্যবহারের পাশাপাশি স্টোরেজও বাড়িয়ে নেওয়া যাবে প্রয়োজনমতো।

অ্যান্ড্রয়েড ১০ ভিত্তিক কালার ওএস ৭ থাকছে ফোনটির অপারেটিং সিস্টেম হিসেবে। দীর্ঘ সময় ধরে ব্যাকআপ নিশ্চিত করতে আছে ৪০২৫ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি। এছাড়া ভোক ফ্ল্যাশ চার্জ ৪.০ প্রযুক্তি থাকায় ৫৬ মিনিটেই ফুল চার্জ দেওয়া সম্ভব হবে। আর ৫০ শতাংশ পর্যন্ত চার্জ দেওয়া যাবে ২০ মিনিটেই।

অপো বাংলাদেশ এইডি’র ব্যবস্থাপনা পরিচালক মি. ডেমন ইয়াং বলেন, ‘গ্রাহকদের স্মার্টফোন ব্যবহারের অভিজ্ঞতা পাল্টে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল অপো। এরই অংশ হিসেবে অপো বাজারে এনেছে রেনো থ্রি প্রো। ৪৪ মেগাপিক্সেল ডুয়াল পাঞ্চহোল ক্যামেরা, দ্রুত গতির চার্জিং প্রযুক্তি, কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পন্ন চিপসেট এবং প্রো লেভেল ফটোগ্রাফির মতো কিছু লেটেস্ট উদ্ভাবনের অভিজ্ঞতা পাওয়া যাবে এই স্মার্টফোনটিতে।’

স্মার্টফোনটির মূল্য নির্ধারণ করা হয়েছে ৩৯ হাজার ৯৯০ টাকা। দেশজুড়ে সকল অপো স্টোরের পাশাপাশি একাধিক ই-কমার্স প্ল্যাটফর্মে ৫ জুন থেকে স্মার্টফোনটি পাওয়া যাবে।

নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com