শনিবার, ১১ Jul ২০২৬, ০৯:৫৪ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদক, নগরকন্ঠ.কম : মে দিবসে মিছিল করায় রি-রোলিং শ্রমিক নেতাদের নামে দায়ের করা মামলা প্রত্যাহারের দাবি জানিয়েছে রি-রোলিং স্টিল মিলস শ্রমিক ফ্রন্ট।
বুধবার (১০ জুন) জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত মানববন্ধন থেকে এ দাবি জানায় সংগঠনটি।
সংগঠনের সভাপতি ইমাম হোসেন খোকনের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্টের সাধারণ সম্পাদক আহসান হাবিব বুলবুল, সাংগঠনিক সম্পাদক খালেকুজ্জামান লিপন, গার্মেন্টস শ্রমিক ফ্রন্টের সাধারণ সম্পাদক সেলিম মাহমুদ, রি-রোলিং স্টিল মিলস শ্রমিক ফ্রন্ট কমিটির সাধারণ সম্পাদক আবু নাঈম খান বিপ্লব, সহ-সভাপতি জামাল হোসেন, দপ্তর সম্পাদক এসএম কাদির।
বক্তারা বলেন, আমাদের দেশের গুরুত্বপূর্ণ খাত রি-রোলিং ও স্টিল মিলস। এখানে দুই লাখের বেশি শ্রমিক পরিশ্রম করে দেশের রড ও স্টিলের প্রায় সব চাহিদা পূর্ণ করে। অথচ এই কারখানাগুলোতে কোনো শ্রম আইন মানা হয় না। মালিকরা শ্রমিকদের নিয়োগপত্র, পরিচয়পত্র দেয় না। শ্রমিকদের নির্দিষ্ট কর্মঘণ্টা নেই। সাপ্তাহিক ছুটি ও সরকারি ছুটি দেওয়া হয় না। মালিকরা যখন তখন কারখানা বন্ধ করে শ্রমিক ছাঁটাই করে। নিয়োগপত্র-পরিচয়পত্র না থাকায় শ্রমিকরা আইনি লড়াই লড়তে পারে না।
তারা বলেন, ২০১৯ সালের মে দিবসে শ্যামপুর-পাগলা অঞ্চলের শ্রমিকরা শোভাযাত্রা বের করে। এতে মালিকরা ক্ষিপ্ত হয়ে রি-রোলিং স্টিল মিলস শ্রমিক ফ্রন্টের সাংগঠনিক সম্পাদক ও নারায়ণগঞ্জ জেলার সাধারণ সম্পাদক এস এম কাদিরসহ নেতাদের নামে ষড়যন্ত্রমূলক চারটি মামলা দায়ের করে। এ মামলায় নেতারাসহ শ্রমিকরা আজও হয়রানির শিকার হচ্ছে।
অবিলম্বে এ ষড়যন্ত্রমূলক মামলা প্রত্যাহার এবং রি-রোলিং ও স্টিল মিলস শ্রমিকদের শ্রম আইনের সব সুরক্ষা নিশ্চিত করার দাবি জানান নেতারা।
নগরকন্ঠ.কম/এআর