শনিবার, ১১ Jul ২০২৬, ০৯:৫৬ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদক, নগরকন্ঠ.কম : বিশ্বের দীর্ঘতম কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভ সড়কে একলাখ চারা লাগানোর উদ্যোগ নিয়েছে কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ (কউক)।
প্রকৃতির অপার সুন্দরের হাতছানি দৃষ্টিনন্দন এ সড়কটি সৌন্দর্য আরও বাড়াতে এ উদ্যোগ বাস্তবায়ন করা হচ্ছে। প্রাথমিকভাবে ইনানীর পাটুয়ারটেক সৈকত সংলগ্ন এলাকার ৭ কিলোমিটার এলাকায় ১০ হাজার চারা গাছ রোপন করা হচ্ছে।
বুধবার এ কর্মসূচির উদ্বোধন করেন কউক চেয়ারম্যান লেফট্যানেন্ট কর্নেল (অব.) ফোরকান আহমদ।
এ সময় কউক চেয়ারম্যান বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনা বাস্তবায়নের পাশাপাশি বিশ্বের দীর্ঘতম মেরিন ড্রাইভ সড়কটি আরও আকর্ষণীয় করে তুলতে কউক এ উদ্যোগ গ্রহণ করেছে। তাই বিভিন্ন ফুলের চারার পাশাপাশি ফলজ ও বনজ গাছের চারা লাগানো হয়।
তিনি আরও বলেন, গাছের চারা লাগানোর পাশাপাশি সমুদ্রসৈকত এলাকায় জীববৈচিত্র্য রক্ষায় কয়েকটি নির্দিষ্ট স্থান সংরক্ষণের উদ্যোগ নেয়া হয়েছে। যেখানে লাল কাঁকড়া, কাছিম, সাগরলতা ও ডলফিন বিচরণ থাকবে। এছাড়াও বনবিভাগের পরিকল্পনার বাইরে তাদের সঙ্গে সমন্বয় করে ঝাউ গাছ ও অন্যান্য গাছ লাগানো হবে। এছাড়াও প্রশাসন, বন বিভাগ, পরিবেশ অধিদপ্তর ও জনপ্রতিনিধিসহ সবাইকে সম্পৃক্ত করে বর্ষা মৌসুমে সবুজায়ন ও জীববৈচিত্র্য পরিবর্তনে এ কার্যক্রম গ্রহণ করা হয়েছে বলেও জানান তিনি।
এ সময় বনবিভাগ, পরিবেশ অধিদপ্তর, বাংলাদেশ সেনাবাহিনীর ১৬ ইসিবি, পুলিশ বিভাগ ও স্থানীয় জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
নগরকন্ঠ.কম/এআর