শনিবার, ১১ Jul ২০২৬, ০৮:০৫ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদক, নগরকন্ঠ.কম : বগুড়া পৌরসভার ৯টি এলাকাকে রেড জোন হিসেবে ঘোষণা করেছে জেলা প্রশাসন।
রোববার (১৪ জুন) জেলা স্বাস্থ্য বিভাগের সুপারিশের ভিত্তিতে জেলা প্রশাসক ফয়েজ আহাম্মদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই নির্দেশনা দেওয়া হয়।
নির্দেশনায় বলা হয়, রোববার বিকেল ৫টা থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত রেড জোন বলবৎ থাকবে।
এলাকাগুলো হলো- শহরের চেলোপাড়া, নাটাইপাড়া, নারুলী, জলেশ্বরীতলা, সূত্রাপুর, মালতিনগর, ঠনঠনিয়া, হাড়িপাড়া ও কলোনী এলাকা।
নির্দেশনায় জানানো হয়, রেড জোন এলাকায় ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক, রাজনৈতিক, গণজমায়েত নিষিদ্ধসহ সব জনসাধারণ আবশ্যিকভাবে নিজ নিজ আবাস স্থলে অবস্থান করবেন। এছাড়া সব ধরনের যানবাহন বন্ধ থাকবে। তবে কোভিড-১৯ মোকাবিলায় দায়িত্বপ্রাপ্ত বেসরকারি গাড়ি চলাচলে জেলা প্রশাসকের অনুমতি গ্রহণ করে চলতে পারবে। সকল প্রকার দোকান মার্কেট ও ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ থাকবে। তবে ওষুধের দোকান, ইন্টারনেট সেবা ও মোবাইল ব্যাংকিং পরিষেবা এ আওতার বাইরে থাকবে।
এছাড়া জরুরি প্রয়োজনে বের হলে সবাই স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে এবং যথাযথ ভাবে মাস্ক পরিধান করতে হবে।
নগরকন্ঠ.কম/এআর