শনিবার, ১১ Jul ২০২৬, ০৬:০৫ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদক, নগরকন্ঠ.কম : সীমান্ত দিয়ে মিয়ানমার থেকে দেশে নিয়ে আসার সময় বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে সীমান্তরক্ষা বাহিনী বিজিবি। এ সময় তিনজনকে আটক করা হয়।
সোমবার (১৫ জুন) বিকেলে উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়নের তুলাতলী এলাকা থেকে ইয়াবা উদ্ধার করা হয় বলে জানিয়েছেন কক্সবাজারস্থ বিজিবি ৩৪ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আলী হায়দার আজাদ আহমেদ।
তিনি জানান, কতিপয় পাচারকারীরা বিপুল পরিমাণ ইয়াবা নিয়ে মিয়ানমার হতে বাংলাদেশে প্রবেশ করছে- এমন সংবাদের ভিত্তিতে রেজুআমতলী বিওপির বিজিবি সদস্যরা টহল শুরু করে। পাচারকারীদের ধরতে তুলাতলী জলিলের গোদা নামক স্থানে ফাঁদ পেতে অবস্থান নেয় তারা। তখন তুলাতলী হতে কুতুপালংগামী একটি ইজিবাইক আসতে দেখে থামতে সংকেত দেয়। বিজিবি সদস্যদের দেখামাত্র পাচারকারীরা বস্তাসহ দৌঁড়ে পালানোর চেষ্টা করে। তবে আগে থেকে ফাঁদ পেতে থাকায় তাদের আটক করা সম্ভব হয়। এরপর তাদের সঙ্গে থাকা বস্তা তল্লাশি করে ১ লাখ ৫০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।
আটক পাচারকারীরা হলেন, উখিয়ার করইবুনিয়া গ্রামের মো. হাকিম আলীর ছেলে মো. জোবায়ের (২১), একই গ্রামের মৃত আলী হোসেনের ছেলে মো. বাপ্পি (২০) ও পূর্ব ডিগলিয়া গ্রামের সৈয়দ আলমের ছেলে মো. শেখ আনোয়ার (২০)।
আটককৃতদের সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করে উখিয়া থানায় সোপর্দ করা হবে বলে জানান বিজিবির এই অধিনায়ক।
চলতি বছরের ১ জানুয়ারি থেকে ১৫ জুন পর্যন্ত চোরাচালান ও মাদকবিরোধী অভিযান পরিচালনা করে ১৫ লাখ ৯ হাজার ১১৭ পিস ইয়াবাসহ ২৮৭ জনকে আটক করেছে বিজিবির ৩৪ ব্যাটালিয়নের সদস্যরা।
নগরকন্ঠ.কম /এআর