শনিবার, ১১ Jul ২০২৬, ০৬:০৬ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদক, নগরকন্ঠ.কম : সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে সরকারবিরোধী পোস্ট দেয়ায় ডিজিটাল নিরাপত্তা আইনে দায়ের করা মামলায় ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) পরিচালক মিনহাজ মান্নান ইমনসহ চার আসামিকে জেলগেটে জিজ্ঞাসাবাদের নির্দেশ দিয়েছেন আদালত।
মঙ্গলবার (১৬ জুন) ঢাকা মেট্টোপলিটন ম্যাজিস্ট্রেট (ভার্চুয়াল আদালত) মোহাম্মদ জসিম শুনানি শেষে রিমান্ড ও জামিনের আবেদন নামঞ্জুর করে তাদের দুইদিন জেলগেটে জিজ্ঞাসাবাদের নির্দেশ দেন।
অপর তিন আসামি হলেন- রাষ্ট্রচিন্তা নামক সংগঠনের ঢাকা ইউনিটের সদস্য দিদারুল ইসলাম, কার্টুনিস্ট আহমেদ কবির কিশোর ও ব্যবসায়ী মুশতাক আহমেদ।
এদিন ভিডিও কনফারেন্সের মাধ্যমে কেরানীগঞ্জ কারাগার থেকে আসামিদের ভার্চুয়াল আদালতে উপস্থিত দেখানো হয়। তাদের সাত রিমান্ড আবেদন করে পুলিশ।
আসামিদের পক্ষে তাদের আইনজীবীরা রিমান্ড বাতিল চেয়ে জামিনের আবেদন করেন।
উভয়পক্ষের শুনানি শেষে আদালত রিমান্ড ও জামিনের আবেদন নামঞ্জুর করে সাত কার্যদিবসের মধ্যে যে কোনো দুই কার্যদিবস তাদের জেলগেটে জিজ্ঞাসাবাদের জন্য অনুমতি দেন।
আদালতের রমনা থানার সাধারণ নিবন্ধন কর্মকর্তা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) নিজাম উদ্দিন সাংবাদিকদের বিষয়টি জানিয়েছেন।
গত ৫ মে র্যাব-৩ সিপিসি-১ এর ওয়ারেন্ট অফিসার মো. আবু বকর সিদ্দিক বাদী ১১ জনের নামে রমনা থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে একটি মামলা করেন। এছাড়া আরও অজ্ঞাতপরিচয় ৫-৬ জনকে আসামি করা হয়েছে। মামলা দায়েরের পর আসামিদের গ্রেপ্তার করা হয়। এরপর থেকে তারা কারাগারেই ছিলেন।
নগরকন্ঠ.কম /এআর