শনিবার, ১১ Jul ২০২৬, ০৫:২০ পূর্বাহ্ন

বগুড়ায় করোনাভাইরাসে দুই ব্যবসায়ীর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, নগরকন্ঠ.কম : বগুড়ায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও দুই ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। এদের একজন মোহাম্মদ আলী হাসপাতাল আইসোলেশন ইউনিটে ও অপরজন টিএমএসএস মেডিকেল কলেজের রফাতউল্লাহ কমিউনিটি হাসপাতালে মারা গেছেন।

মৃত ব্যবসায়ীরা হলেন- বগুড়ার দুপচাঁচিয়া উপজেলার সুখানগাড়ি গ্রামের আবদুল বারিক তালুকদারের ছেলে স্থানীয় নিউ মার্কেটে মাহমুদ গার্মেন্টসের মালিক জাকির হোসেন তালুকদার (৫০) ও শহরের রাজাবাজারের মৃত হারেক আলীর ছেলে মর্জিনা ভাণ্ডারের মালিক জুলফিকার আলী ভুট্টো (৪২)।

টিএমএসএস মেডিকেল কলেজের রফাতউল্লাহ কমিউনিটি হাসপাতালের সহকারী নির্বাহী কর্মকর্তা আবদুর রহিম জানান, জাকির তালুকদারের করোনা উপসর্গ দেখা দিলে গত ১২ জুন তার শরীর থেকে নমুনা সংগ্রহ করা হয়। পরদিন তার করোনাভাইরাস শনাক্ত হয়। তিনি বাড়িতে চিকিৎসাধীন ছিলেন। ১৫ জুন বেলা সোয়া ১২টায় তিনি হাসপাতালে ভর্তি হন। চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার সকাল ৭টার দিকে মারা যান।

বগুড়া মোহাম্মদ আলী হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা ডা. খায়রুল বাশার মোমিন জানান, ব্যবসায়ী জুলফিকার আলী ভুট্টো গত ৭ জুন করোনাভাইরাসে আক্রান্ত হন। আইসোলেশনে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার বেলা দেড়টার দিকে তিনি মারা গেছেন।

বগুড়া স্বাস্থ্য বিভাগের সূত্র জানায়, বগুড়ায় সোমবার রাত পর্যন্ত এক হাজার ৫৫৪ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। তাদের মধ্যে ১৮ জনের মৃত্যু হয়েছে। উপসর্গ নিয়ে মারা গেছেন আরও ২১ জন। সুস্থ হয়েছেন ৯৫ জন।

টিএমএসএস মেডিকেল কলেজের রফাতউল্লাহ কমিউনিটি হাসপাতালের সূত্র জানায়, এ পর্যন্ত তাদের ওখানে করোনা আক্রান্ত হয়ে ছয়জন ও উপসর্গ নিয়ে তিনজনের মৃত্যু হল।

নগরকন্ঠ.কম /এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com