শনিবার, ১১ Jul ২০২৬, ০৫:১৮ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদক, নগরকন্ঠ.কম : করোনাভাইরাসে আক্রান্ত খুলনার শহীদ শেখ আবু নাসের বিশেষায়িত হাসপাতালের অর্থোপেডিক্স বিভাগের সিনিয়র কনসাল্ট্যান্ট ডা. আব্দুল কাদেরকে এয়ার অ্যাম্বুলেন্সে করে ঢাকায় প্রেরণ করা হয়েছে।তাকে এভারকেয়ার হাসপাতালে (অ্যাপোলো হাসপাতাল) নেয়া হয়েছে।
বৃহস্পতিবার (১৮ জুন) বিকেলে তাকে খালিশপুরের বানৌজা তিতুমির থেকে বাংলাদেশ বিমান বাহিনীর একটি হেলিকপ্টারে করে ঢাকায় নেয়া হয়।
খুলনা জেলা প্রশাসকের কার্যালয়ের মিডিয়া সেলের ইনচার্জ, সহকারী কমিশনার দেবাশীষ বসাক বিষয়টি নিশ্চিত করেছেন।
বৃহস্পতিবার সন্ধ্যায় মিডিয়া সেলের এক বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, ডা. আব্দুল কাদের করোনায় আক্রান্ত হয়ে (কোভিড চিকিৎসার জন্য নির্ধারিত) খুলনা ডায়াবেটিক হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। কিন্তু শারীরিক অবস্থার অবনতি হলে জেলা প্রশাসক এবং জেলা পর্যায়ে করোনাভাইরাস সংক্রমণ ও প্রতিরোধসহ সার্বিক ব্যবস্থাপনা কমিটির সভাপতি মোহাম্মদ হেলাল হোসেন প্রধানমন্ত্রীর কার্যালয় এবং স্বাস্থ্য মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাদের অবহিত করে তাকে দ্রুত ঢাকায় স্থানান্তরের অনুরোধ জানান।
জেলা প্রশাসকের তড়িৎ পদক্ষেপের কারণে ডা. আব্দুল কাদেরকে জরুরি ভিত্তিতে বৃহস্পতিবার বিকেলেই বাংলাদেশ বিমান বাহিনীর এয়ার অ্যাম্বুলেন্সযোগে (হেলিকপ্টার নং-৫০৮) ঢাকায় স্থানান্তর করা হয়।
হেলকপ্টারটি বানৌজা তিতুমির থেকে বিকাল ৬টা ১০ মিনিটে ঢাকার উদ্দেশে খুলনা ছেড়ে যায়। ডা. আব্দুল কাদেরকে ঢাকার অ্যাপোলো হাসপাতালে ভর্তি করানো হবে।
উল্লেখ্য, গত ২৩ এপ্রিল খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালের ইউরোলজি বিভাগের সহকারী অধ্যাপক ডা. মাসুদ হাসান করোনাভাইরাসে আক্রান্ত হন। জেলা প্রশাসকের দ্রুত পদক্ষেপের কারণে তাকে ঢাকায় স্থানান্তর করা হয়। পরবর্তীতে তিনি সুস্থ হয়ে খুলনায় ফিরে আসেন।
নগরকন্ঠ.কম/এআর