শুক্রবার, ০৩ Jul ২০২৬, ০৮:৪২ পূর্বাহ্ন

স্বেচ্ছায় রক্ত দিতে আইসিটি প্রতিমন্ত্রীর আহ্বান

তথ্য ও প্রযুক্তি ডেস্ক, নগরকন্ঠ.কম : স্বেচ্ছায় রক্ত দিয়ে অন্যের জীবন বাঁচাতে সুস্থ ও সামর্থ্যবান ব্যক্তিদের প্রতি আহ্বান জানিয়েছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।

বিশ্ব রক্তদান দিবস উপলক্ষে আজ বৃহস্পতিবার (১৮ ‍জুন) ফেসবুক ব্লাড ডোনেশন টুল ব্যবহারের মাধ্যমে হাসপাতাল এবং ব্লাড ব্যাংকে রক্তদাতা খুঁজে পাবার ট্রেনিং কার্যক্রম উদ্বোধন করেন প্রতিমন্ত্রী। ফেসবুক গ্রুপ ব্লাডম্যান আয়োজিত এই কার্যক্রমের ডিজিটাল প্রেস কনফারেন্সে প্রধান অতিথির বক্তৃতায় এ আহ্বান জানান তিনি।

রক্তদান শ্রেষ্ঠ উপহার উল্লেখ করে তিনি বলেন, ‘আমার-আপনার সামর্থ্য অনুযায়ী একটু রক্ত অন্যের জীবন বাঁচাতে পারে।’

প্রতিমন্ত্রী বলেন, ‘এই টুল আইসিটি বিভাগ, ফেসবুক এবং ব্লাডম্যানের সঙ্গে সরকারি-বেসরকারি হাসপাতালগুলোর সাথে সেতুবন্ধন তৈরি করবে। একই সঙ্গে রক্তদাতা ও গ্রহীতার মধ্যে ডিজিটাল সেতু হিসেবে কাজ করবে।’

পাশাপাশি করোনাকালে রক্তদান ও মানসিক স্বাস্থ্য সেবার মতো মানবিক সেবা সবার কাছে পৌঁছে দিতে মোবাইল অপারেটরদের প্রতি আহ্বান জানান তিনি। একইসঙ্গে ফেসবুক কর্তৃপক্ষের এই সেবাগুলো সহজেই পেতে ব্লাড ডোনেশন অপশনে চ্যাটবট সুবিধা চালুর আহ্বানও জানান।

করোনা মহামারির সময়ে রক্তদান ও মানসিক স্বাস্থ্যের মতো সেবার অ্যাপগুলো ব্যবহার ফ্রি করে দিতে মোবাইল অপারেটরদের প্রতি আহ্বান জানান জুনাইদ আহমেদ পলক। তার এই আহ্বানে সংবাদ সম্মেলনে উপস্থিত ফেসবুকের দক্ষিণ ও মধ্য এশিয়ার হেড অব পলিসি প্রোগ্রামস শেলি ঠাকরাল ইতিবাচক সাড়া দেন।

‘ব্লাডম্যান’ ও ‘মনের বন্ধু’র মতো যেসব অনলাইন প্ল্যাটফর্ম রয়েছে- এর উদ্যোক্তাদের ওয়েব, মোবাইল অ্যাপ, কনটেন্ট ও টিউটোরিয়াল তৈরির ওপর গুরুত্ব দিয়ে আইসিটি বিভাগ সব ধরনের সহযোগিতা করতে প্রস্তুত বলে জানান আইসিটি প্রতিমন্ত্রী ।

ব্লাডম্যান বাংলাদেশের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান মো. শাহরিয়ার হাসান জিসান বলেন, ‘১৬ কোটিরও বেশি জনসংখ্যার এই দেশে মূল চ্যালেঞ্জটি হলো রক্ত সন্ধানকারী এবং রক্তদাতার মধ্যে যোগাযোগের অভাব। এক্ষেত্রে ফেসবুক দুই পক্ষের সংযোগ স্থাপনে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছে। এটি ডেঙ্গু রোগীদের জন্য প্লাটিলেট দাতা এবং কোভিড-১৯ রোগীদের জন্য প্লাজমা দাতাদের সন্ধান সহজ করে তুলেছে। আপনাদের নিকটস্থ ব্লাড ব্যাংকে রক্তদানের মাধ্যমে রক্তের ঘাটতি দূর করতে সকলকে এগিয়ে আসার আহ্বান জানাচ্ছি।’

ফেসবুকের সাউথ এশিয়া ও সেন্ট্রাল এশিয়ার পলিসি প্রোগ্রামস প্রধান শেলি ঠাকরাল বলেন, ‘আমরা আমাদের প্ল্যাটফর্মের মাধ্যমে সবাইকে একত্রিত করতে অঙ্গীকারবদ্ধ। বিশ্বব্যাপী এই মহামারিটি আমাদের মনে করিয়ে দিচ্ছে যে, ফেসবুকে রক্তদাতা হওয়ার জন্য সাইন আপ করা কতটা জরুরি। যাতে আমরা আশেপাশের মানুষদের রক্তের প্রয়োজনীয়তা সম্পর্কে অবগত থাকি, রক্তদানের নিরাপদ উপায়গুলো সম্পর্কে জানি এবং অন্যকে রক্ত দিতে উদ্বুদ্ধ করতে পারি।’

নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com