শনিবার, ১১ Jul ২০২৬, ০৫:১৯ পূর্বাহ্ন

টেলিমেডিসিন সেবা বন্ধ

নিজস্ব প্রতিবেদক, নগরকন্ঠ.কম : চট্টগ্রামে টেলিমেডিসিন সেবা অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দিয়েছে বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন (বিএমএ)।

খুলনায় রোগীর স্বজনদের হামলায় এক চিকিৎসকের মৃত্যুর প্রতিবাদে বৃহস্পতিবার থেকে এ সেবা বন্ধ করে দেয়া হয়েছে।

করোনা ছড়িয়ে পড়ার পর ২৫ মার্চ থেকে রোগীদের জন্য টেলিমেডিসিন সেবা চালু করে চট্টগ্রাম বিএমএ। এই সেবার আওতায় ১০৬ জন চিকিৎসক টেলিফোনে রোগীদের চিকিৎসা পরামর্শ দিয়ে আসছিলেন। কোভিড সংক্রমণ পরবর্তী পরিস্থিতিতে চট্টগ্রামে প্রাইভেট চেম্বারে আসা বন্ধ করে দিয়েছেন অনেক চিকিৎসক।

তবে কেউ কেউ বাসায় থেকে হোয়াটস অ্যাপসহ বিভিন্ন অনলাইন মাধ্যমে চেম্বারে আসা রোগীদের চিকিৎসাসেবা দিচ্ছেন। এ অবস্থায় অনেক রোগী বিএমএর টেলিমেডিসিন সেবার ওপর নির্ভরশীল হয়ে উঠেছিলেন। সেবাটি হঠাৎ বন্ধ হয়ে যাওয়ায় বিপাকে পড়েছেন রোগীরা।

বিএমএ চট্টগ্রাম শাখার সভাপতি ডা. মুজিবুল হক খান বলেন, মানবিক দিক বিবেচনা করে আমরা চট্টগ্রামে টেলিমেডিসিন সেবা চালু করেছিলাম। প্রতিদিন প্রায় ১ হাজার রোগী এই সেবা নিতেন। কিন্তু খুলনায় আমাদের একজন ডাক্তারকে রোগীর স্বজনরা বর্বরভাবে পিটিয়ে মেরে ফেলেছে। এতে ডাক্তাররা সবাই ক্ষুব্ধ। তারা এ ঘটনার বিচার চান। এর পরিপ্রেক্ষিতে প্রতিবাদ হিসেবে বিএমএ টেলিমেডিসিন সেবা বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে।

তিনি বলেন, ডাক্তাররা নিজেরা উদ্যোগ নিয়ে রোগীদের বিনামূল্যে টেলিমেডিসিন সেবা দিয়ে আসছিলেন। এ দিকে রোগীর স্বজনরা পিটিয়ে ডাক্তার মেরে ফেলেছে। আমরা জনগণের জন্য কাজ করছি। জনগণের তো এটা বোঝা উচিত। করোনার বিরুদ্ধে লড়তে গিয়ে অনেক ডাক্তার মারা গেছেন। অনেকে অসুস্থ হয়ে পড়েছেন। এরপরও ডাক্তারের ওপর হামলা কোনোভাবেই মেনে নেয়া যায় না।

নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com