শনিবার, ১১ Jul ২০২৬, ০৪:২২ পূর্বাহ্ন

নিষেধাজ্ঞা চেয়ে রিটের আদেশ সোমবার

নিজস্ব প্রতিবেদক, নগরকন্ঠ.কম : ঢাকা ওয়াসার পানির বর্ধিত দামের ওপর নিষেধাজ্ঞা চেয়ে রিটের আদেশের জন্য আগামী সোমবার দিন ধার্য করেছেন হাইকোর্ট। বুধবার বিচারপতি এম ইনায়েতুর রহিমের ভার্চুয়াল বেঞ্চ আদেশের জন্য এদিন ধার্য করেন। আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী তানভীর আহমেদ।

এর আগে গত ১৪ জুন সেবার মান না বাড়িয়ে ১ এপ্রিল থেকে পানির ২৫ শতাংশ দাম বাড়ানোর ঢাকা ওয়াসার সিদ্ধান্তে নিষেধাজ্ঞা চেয়ে হাইকোর্টে রিট করা হয়। আইনজীবী তানভীর আহমেদ জনস্বার্থে এ রিট করেন। স্থানীয় সরকার সচিব, পানি সরবরাহ ও পয়ঃনিষ্কাশন কর্তৃপক্ষসহ (ঢাকা ওয়াসা) সংশ্লিষ্টদের রিটে বিবাদী করা হয়েছে।

গত ১ এপ্রিল থেকে ঢাকা ওয়াসা আবাসিক গ্রাহকদের পানির বিল ২৫ শতাংশ বাড়িয়েছে। আর বাণিজ্যিক গ্রাহকের বিল বাড়ানো হয়েছে ৮ শতাংশ। নতুন মূল্যহার অনুযায়ী প্রতি হাজার লিটার পানির মূল্য নির্ধারণ করা হয়েছে ১৪ টাকা ৪৬ পয়সা, যা আগে ছিল ১১ টাকা ৫৭ পয়সা। আর বাণিজ্যিকে প্রতি হাজার লিটারে ৩৭ টাকা ৪ পয়সা থেকে বাড়িয়ে ৪০ টাকা নির্ধারণ করা হয়েছে। সর্বশেষ গত সেপ্টেম্বরে পানির মূল্য ৫ শতাংশ বাড়ানো হয়েছিল।

নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com