শনিবার, ১১ Jul ২০২৬, ০৩:৩৮ পূর্বাহ্ন

করোনার ভুয়া সনদ, রিমান্ড শেষে ৪ জন কারাগারে

নিজস্ব প্রতিবেদক, নগরকন্ঠ.কম : টাকার বিনিময়ে করোনাভাইরাস পজিটিভ বা নেগেটিভ ভুয়া সনদ সরবরাহকারী চক্রের চার সদস্যকে রিমান্ড শেষে কারাগারে পাঠিয়েছেন আদালত।

শনিবার (২০ জুন) তিন দিনের রিমান্ড শেষে চার আসামিকে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা মুগদা থানার এসআই ফয়সাল মুন্সী।

আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মেট্টোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জসিম তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।

কারাগারে যাওয়া আসামিরা হলেন, ফজল হক (৪০), মো. শরিফ হোসেন (৩২), মো. জামশেদ (৩০) ও মো. লিয়াকত আলী (৪৩)।

গত ১৬ জুন এই চার আসামির তিন দিন করে রিমান্ড মঞ্জুর করেন আদালত।

গত ১৫ জুন রাজধানীর মুগদা এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করে র‌্যাব। এসময় তাদের কাছ থেকে বিপুল পরিমাণ করোনাভাইরাসের ভুয়া সনদপত্র, দুটি কম্পিউটার, দুটি প্রিন্টার ও দুটি স্ক্যানার উদ্ধার করা হয়।

নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com