শনিবার, ১১ Jul ২০২৬, ০৩:৩৮ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদক, নগরকন্ঠ.কম : সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার নিজগ্রাম সোনতলার পারিবারিক কবরস্থানে স্ত্রী দীপ্তি লোহানীর কবরে চিরনিদ্রায় শায়িত হলেন বরেণ্য সাংবাদিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব কামাল লোহানী।
শনিবার (২০ জুন) রাত পৌনে ১০টার দিকে সোনতলা কবরস্থানে রাষ্ট্রীয় মর্যাদায় তাঁকে দাফন করা হয়।
এর আগে সামাজিক দূরত্ব বজায় রেখে জানাযা অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন সিরাজগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য তানভীর ইমাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ফিরোজ মাহমুদ, উপজেলা চেয়ারম্যান গাজী শফিকুল ইসলাম শফি, উপজেলা নির্বাহী অফিসার মো. আরিফুজ্জামান, উপজেলা আওয়ামী লীগের আহবায়ক ও মুক্তিযোদ্ধা কমান্ডার গোলাম মোস্তফা, সলপ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান প্রকৌশলী শওকত ওসমানসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ।
ঢাকা থেকে তাঁর মরদেহবাহী অ্যাম্বুলেন্সটি রাত সোয়া ৯টার দিকে সোনতলায় পৌঁছায়। এ সময় প্রয়াত কামাল লোহানীর স্বজন, ভক্ত ও শুভান্যুধায়ীদের মাঝে এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। পরে স্থানীয় সংসদ সদস্য তানভীর ইমাম, জেলা ও উপজেলা প্রশাসনসহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে প্রয়াত কামাল লোহানীর কফিনে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়।
কামাল লোহানীর ছোট ভাই মোস্তাক লোহানী বলেন, ‘সোনতলা কবরস্থানে তাঁর স্ত্রী দীপ্তি লোহানীর কবরের উপরেই তাঁকে দাফন করা হলো। এ কবরস্থানে আমাদের বাবা মুছা আলী খান লোহানী, মা রিজিয়া লোহানী, ভাই দেলাল লোহানীসহ আমাদের সকল প্রয়াত আত্মীয়-স্বজনেরা শায়িত আছেন।’
নগরকন্ঠ.কম/এআর