শনিবার, ১১ Jul ২০২৬, ০৩:৩৮ পূর্বাহ্ন

পালিয়ে যাওয়া করোনা রোগীর ঝুলন্ত লাশ আদাবরের গাছে

নিজস্ব প্রতিবেদক, নগরকন্ঠ.কম : হাসপাতাল থেকে পালিয়ে যাওয়া করোনা পজিটিভ এক ব্যক্তির ঝুলন্ত লাশ রাজধানীর আদাবরের একটি গাছ থেকে উদ্ধার করেছে পুলিশ। মৃতের নাম আবদুল মান্নান খন্দকার (৪১)।

শনিবার সকালে আদাবর ১৭/১৮ হোসেন হাউজিংয়ের সেনসেশন অ্যাপার্টমেন্টের পাশে কাঁঠাল গাছে তার লাশ পাওয়া যায়। পুলিশের ধারণা, গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন আবদুল মান্নান।

আদাবর থানার এসআই আবদুল মোমিন জানান, আবদুল মান্নান করোনায় আক্রান্ত হয়ে ১৫ জুন মুগদা জেনারেল হাসপাতালে ভর্তি হন। সেখান থেকে গত শুক্রবার রাতে পালিয়ে আসেন। এরপর শনিবার সকালে তার লাশ উদ্ধার করা হয়েছে। তার স্ত্রী ও এক ছেলে করোনায় আক্রান্ত। তারা বাসায় আইসোলেশনে আছেন। আবদুল মান্নানের লাশ ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।

মৃতের শ্যালক মুসা আজাদি বলেন, ভগ্নিপতির করোনা শনাক্ত হওয়ার পর গত ১৫ জুন মুগদা জেনারেল হাসপাতালে ভর্তি করানো হয়। এর দুইদিন আগে রেজাল্ট পজিটিভ আসে। ১৯ জুন রাত সাড়ে ১০টার দিকে তিনি হাসপাতাল থেকে পালিয়ে আসেন। আপার সঙ্গে তার রাতে কথা হয়েছিল। তখন তিনি আপাকে ফোনে বলেন, আমিতো একটু আগে মরে যাইতে লাগছিলাম। প্রচণ্ড কষ্ট হইছে। কী হয়েছিল জানতে চাইলে কল কেটে ফোন বন্ধ করে দেন তিনি। রাতে আপা আমাকে ফোন করে এ বিষয়টি জানান। কিন্তু তখন আর হাসপাতালে খোঁজ নিতে পারিনি।

মুসা আজাদি বলেন, শনিবার সকালে মুগদা জেনারেল হাসপাতালে গিয়ে খবর পাই উনি সেখান থেকে পালিয়েছেন। এরমধ্যে জানতে পারি আপা-দুলাভাই যে বাসায় থাকতেন তার পেছনে একটি গাছে ঝুলন্ত অবস্থায় তাকে পাওয়া গেছে।

নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com