শনিবার, ১১ Jul ২০২৬, ০২:২৫ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদক, নগরকন্ঠ.কম : রাজধানীর কারওয়ান বাজারের সার্ক ফোয়ারা এলাকায় মানুষের ব্যাগ কেটে মালামাল চুরি ও টান দিয়ে যাত্রীদের মালামাল ছিনিয়ে নেয়া ছিনতাইকারী সোহেলকে (৩০) গ্রপ্তার করেছে পুলিশ।
সোমবার রাত সোয়া ১০টার দিকে তেঁজগাও থানা পুলিশের একটি দল ফার্মগেট এলাকায় অভিযান চালিয়ে সোহেলকে গ্রেপ্তার করে। তেজগাঁও জোনের উপ-পুলিশ কমিশনার হারুন-অর-রশিদ বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, সোহেলকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় মামলা হবে।
গ্রেপ্তারের পর সোহেল পুলিশের কাছে স্বীকার করেছে, তিনি একজন মাদকসেবী। রাতের বেলা মাদক সেবন করে ফার্মগেট এবং কারওয়ান বাজার এলাকার ফুটওভার ব্রিজ ও রাস্তার পাশে ঘুমিয়ে থাকেন আর দিনের বেলা সুযোগ বুঝে মানুষের ব্যাগ কেটে মালামাল চুরি ও ছিনতাই করেন। তার গ্রামের বাড়ি শরীয়তপুর।
এর সাড়ে তিন ঘণ্টা আগে সন্ধ্যা ৭টার দিকে একটি জাতীয় দৈনিকের অনলাইন ভার্সনে ছিঁচকে চোর সোহেলের চুরি-ছিনতাইয়ের বিভিন্ন কলাকৌশল নিয়ে প্রতিবেদন প্রকাশিত হয়। বিষয়টি পুলিশের নজরে এলে সোহেলকে ধরতে অভিযান চালানো হয়। সাড়ে তিন ঘণ্টা অভিযান চালিয়ে সোহেলকে গ্রেপ্তার করে পুলিশ।
নগরকন্ঠ.কম/এআর