শনিবার, ১১ Jul ২০২৬, ০১:৫৩ পূর্বাহ্ন

ছাত্রলীগ নেতা রাজিব হত্যার প্রধান আসামি গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, নগরকন্ঠ.কম : টাঙ্গাইলের ভূঞাপুরে সাবেক ছাত্রলীগ নেতা ও শিক্ষানবিশ আইনজীবী মেহেদী মোস্তফা ওরফে রাজিব হত্যার মূল আসামি তার চাচাতো ভাই জিহাদকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (২৩ জুন) বিকেল তিনটায় টাঙ্গাইল শহরের সন্তোষ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

নিহত রাজিব ভূঞাপুর উপজেলার ফলদা ইউনিয়নের গারাবাড়ী গ্রামের গোলাম মোস্তফা ওরফে দুলালের ছেলে। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের জহুরুল হক হল শাখা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি ছিলেন।

ভূঞাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাশিদুল ইসলাম বলেন, ‘আজ বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে টাঙ্গাইল শহরের সন্তোষ এলাকায় ভূঞাপুর থানা পুলিশের একটি দল অভিযান চালায়। এসময় রাজিব হত্যার প্রধান আসামি তার আপন চাচাতো ভাই জিহাদকে (২৮) গ্রেপ্তার করা হয়। জিহাদকে আগামীকাল আদালতে পাঠানো হবে।’

উল্লেখ্য, গত বৃহস্পতিবার (১৮ জুন) বিকেলে চাচা মফিজুল হক চন্দনের ছেলে জিহাদের সাথে তার চাচাতো ভাই রাজিবের মধ্যে আম পাড়া নিয়ে কথা কাটাকাটি হয়। রাজিব বাড়ির গাছের আম পাড়ার জন্য জিহাদদের বাড়ি থেকে একটি বাঁশ নিয়েছিলেন। আম পাড়তে গিয়ে বাঁশটি ভেঙে গেলে দুইজনের মধ্যে তর্কাতর্কি হয়।

এক পর্যায়ে জিহাদ রাজিবের পেটে ছুরিকাঘাত করে। এতে রাজিব গুরুতর আহত হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠায়। সেখানে তার মৃত্যু হয়।

সেদিন রাতেই নিহতের বাবা গোলাম মোস্তফা ওরফে দুলাল বাদী হয়ে নিহতের তিন চাচাতো ভাই জিহাদ, সিফাত, রাহাত এবং তাদের মা বেবিকে আসামি করে ভূঞাপুর থানায় মামলা দায়ের করেন।

নিহত রাজিব ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আইন বিভাগে স্নাতোকোত্তর শেষে এক জ্যেষ্ঠ আইনজীবীর শিক্ষানবিশ হিসেবে কাজ করতেন। করোনা কারণে ছুটি থাকায় বাড়িতে অবস্থান করছিলেন তিনি।

নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com