শনিবার, ১১ Jul ২০২৬, ০১:৫৪ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদক, নগরকন্ঠ.কম : পদ্মা সেতুর রেল প্রকল্পের ঠিকাদার এরশাদ গ্রুপের ঢাকার অফিসে চাঁদা দাবির অভিযোগে মাকসুদ বাবুল মোল্লা (৪৫) ও আবু তালেব লালু (৩১) নামে দুজনকে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার সকাল ১১টার দিকে রাজধানীর নাসির ট্রেড সেন্টারের এরশাদ গ্রুপের অফিসে তাদের আটক করা হয়।
কলাবাগান থানার ওসি পরিতোষ চন্দ্র বিষয়টি নিশ্চিত করে জানান, এরশাদ গ্রুপের অভিযোগের ভিত্তিতে অস্ত্রসহ তাদের আটক করা হয়। তবে তাদের অস্ত্রের লাইসেন্স আছে। এ বিষয়ে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। এরশাদ গ্রুপের অভিযোগ, চাঁদাবাজরা দীর্ঘদিন ধরে ৫০ লাখ টাকা চাঁদা দাবি করে আসছিল।
এরশাদ গ্রুপের চেয়ারম্যান এরশাদ আলী জানান, পদ্মাসেতুতে দীর্ঘদিন ধরে পাথর দেয়ার ধারাবাহিকতায় এখর তারা রেল প্রকল্পেরও কাজ পেয়েছে। গত ২ জুন কুতুবদিয়াতে বড় জাহাজে পাথর আনা হয়। সেখান থেকে ছোট লাইটার জাহাজে প্রকল্প এলাকাতে পাথর নেয়া হচ্ছে। তবে ২১ টি লাইটার জাহাজ প্রকল্প এলাকা শরিয়তপুর জাজিরা পয়েন্টে নদীর উপর প্রায় ২১ দিন যাবৎ ভাসমান অবস্থায় আছে। প্রকল্পের একজন ইঞ্জিনিয়ার নেপথ্যে থেকে এই পাথর নামাতে দিচ্ছেন না। পাথর নামাতে গেলে কিছু লোকজন বাধা দিয়ে বলছে, পাথর নামাতে হলে ৫০ লাখ টাকা দিতে হবে।’
তিনি বলেন, ‘ওই ঘটনায় ৯ জুন জিডিও করেছি। এরপরও ফোনে চাঁদা দাবি করায় আমি বলি, অফিসে আসেন, টাকা দিয়ে দেব। মঙ্গলবার সকাল ১১টার দিকে শর্টগানসহ ৮ থেকে ১০ জন লোক ৮৯ বীর উত্তম সোনারগাঁ রোডের নাসির সেন্টারের তৃতীয় তলায় আমাদের অফিসে আসে। এসময় আমি অফিসে ছিলাম না। তারা অফিসে এসে আমাকে না পেয়ে অস্ত্র বের করে সবাইকে ভয় দেখায়। আমার একজন অফিসার কলাবাগান থানায় খবর দেয়। পুলিশ এসে অস্ত্রসহ হাতে নাতে মাকসুদ ও তালেব নামের দুইজনকে আটক করে। অন্যরা পালিয়ে যায়।’
নগরকন্ঠ.কম/এআর