শনিবার, ১১ Jul ২০২৬, ০১:১৭ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদক, নগরকন্ঠ.কম : রাইড শেয়ারিং সেবা ‘জোবাইক’ বাণিজ্যিকভাবে রাজধানীর গুলশান, বনানী, বারিধারা ও নিকেতন এলাকায় ভাড়ায় বাইসাইকেল পরিচালনা শুরু করেছে। এ চার এলাকার ২২টি পয়েন্টে শতাধিক বাইসাইকেল রাখা হয়েছে। যে কেউ ‘জোবাইক’ অ্যাপ ব্যবহার করে প্রতি মিনিট এক টাকা হারে বাইসাইকেলগুলো ব্যবহার করতে পারবেন। বুধবার গুলশানে আনুষ্ঠানিকভাবে এ সেবার উদ্বোধন করেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) মেয়র মো. আতিকুল ইসলাম এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।
ভবিষ্যৎ প্রজন্মকে একটি সুন্দর ঢাকা শহর উপহার দেয়ার জন্য বাইসাইকেল ব্যবহারের আহ্বান জানিয়ে মেয়র বলেন, সারা বিশ্বে ধনী-গরিব, নারী-পুরুষ নির্বিশেষে সবাই বাইসাইকেল ব্যবহার করে। এটি পরীক্ষামূলকভাবে চালু করা হল। তারপর উত্তরায় এবং পর্যায়ক্রমে পুরো ডিএনসিসিতে সম্প্রসারণ করার ইচ্ছা আছে। অনেকের কর্মসংস্থান হবে। পরিবেশ বাঁচানোর জন্য, কার্বন নিঃসরণ কমানোর জন্য বাইসাইকেল ব্যবহার করি। ঢাকা শহরকে বাঁচাতে হলে সাইকেলের ব্যবহার বাড়াতে হবে। সাইকেলের ব্যবহার সময়ও বাঁচাবে। জুনাইদ আহমেদ পলক বলেন, বাইসাইকেল চালানো আমরা সবাই পছন্দ করি, কিন্তু সুযোগ পাই না। গ্রামে সাইকেল চালানোর সুযোগ থাকলেও শহরে এ সুযোগ নেই। এ সমস্যা সমাধানের জন্য ডিএনসিসির মেয়র কাজ করছেন।
রাস্তায়, উন্মুক্ত স্থানে বর্জ্য থাকবে না : ঢাকা দক্ষিণ সিটির রাস্তায়, উন্মুক্ত স্থানে আর কোনো বর্জ্য থাকবে না বলে ঘোষণা দিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস। বুধবার নগরীর ২৯ নম্বর ওয়ার্ডের ইসলামবাগে অন্তর্র্বর্তীকালীন বর্জ্য স্থানান্তর কেন্দ্রের (এসটিএস) ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে তিনি এ ঘোষণা দেন। তাপস বলেন, প্রত্যেক ওয়ার্ডে যে ময়লা-আবর্জনা-বর্জ্য থাকবে, সংগ্রহকারীরা এখন সন্ধ্যা ৬টা থেকে বাসাবাড়ি-গৃহস্থালি থেকে ময়লা-আবর্জনা সংগ্রহ করবে। ১০টার (রাত) মধ্যে সব বর্জ্য এই অন্তর্র্বর্তীকালীন বর্জ্য স্থানান্তর কেন্দ্রে (এসটিএস) চলে আসবে এবং রাত ১০টা থেকে এসব এসটিএস থেকে ময়লা-আবর্জনা আমরা মাতুয়াইলের ভাগাড়ে নিয়ে যাব। সুতরাং রাস্তায় ও উন্মুক্ত স্থানে আমরা আর কোনো ময়লা বরদাশত করব না, রাস্তায়-উন্মুক্ত স্থানে কোনো বর্জ্য থাকবে না। রাত ৯টা থেকে পরিচ্ছন্নতা কর্মীরা রাস্তাঘাট ঝাড়ু দিয়ে পরিষ্কার করবে, পানি ছিটিয়ে দেবে এবং ভোর ৬টা থেকে ঢাকা শহর হবে পরিষ্কার-পরিচ্ছন্ন, ফকফকা। পরে ডিএসসিসি মেয়র মালিবাগে (১২ নম্বর ওয়ার্ড) নির্মিতব্য এসটিএএস পরিদর্শন করেন এবং নগর ভবন সংলগ্ন সামনের রাস্তা, বঙ্গবাজার, আনন্দবাজার এবং নগর ভবনের পেছনে ফুলবাড়িয়া বাস স্টপ-ওভার সরেজমিন পরিদর্শন করেন ও বিদ্যমান সমস্যা এবং সংকট চিহ্নিত করে এই রাস্তাগুলোকে সচল রাখার জন্য প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণ ও বাস্তবায়নের নির্দেশনা দেন।
নগরকন্ঠ.কম/এআর