শনিবার, ১১ Jul ২০২৬, ০১:১৬ পূর্বাহ্ন

করোনার ভুয়া রিপোর্ট: স্বামী-স্ত্রীর দোষ স্বীকার, ৪ জন রিমান্ডে

নিজস্ব প্রতিবেদক, নগরকন্ঠ.কম : বাড়ি বাড়ি গিয়ে করোনাভাইরাসের পরীক্ষার নমুনা সংগ্রহ ও ভুয়া রিপোর্ট সরবরাহকারী চক্রের দুই সদস্য আদালতে দোষ স্বীকার করে জবানবন্দি দিয়েছেন। অপর চার আসামির দুই দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

বুধবার (২৪ জুন) মামলার তদন্ত কর্মকর্তা তেঁজগাও থানার এসআই দেওয়ান মো. সবুর আসামিদের আদালতে হাজির করেন। দুই আসামি স্বেচ্ছায় জবানবন্দি দিতে সম্মত হওয়ায় তা রেকর্ড এবং অপর চার আসামির ১০ দিন করে রিমান্ড আবেদন করেন তদন্ত কর্মকর্তা।

আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মেট্টোপলিটন ম্যাজিস্ট্রেট মইনুল ইসলামের আদালতে হুমায়ুন কবির এবং তার স্ত্রী তানজীনা পাটোয়ারী জবানবন্দি প্রদান করেন। এরপর তাদের কারাগারে পাঠানো হয়েছে।

আরেক মেট্টোপলিটন ম্যাজিস্ট্রেট আতিকুল ইসলাম অপর চার আসামির রিমান্ডের আদেশ দেন।

রিমান্ডে যাওয়া আসামিরা হলেন- ওভাল গ্রুপের চেয়ারম্যান ও জেকেজির সিইও আরিফুল হক চৌধুরী, সাঈদ চৌধুরী, বিপ্লব দাস ও মামুনুর রশীদ।

মঙ্গলবার (২৩ জুন) সকাল ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত তেঁজগাও এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

পুলিশ জানিয়েছে, আটক ব্যক্তিরা বাড়ি বাড়ি গিয়ে নমুনা সংগ্রহ করে ভুয়া রিপোর্ট দেওয়ার বিষয়টি স্বীকার করেছেন।

জানা গেছে, আটক হুমায়ুন কবির এ চক্রের মূলহোতা। তার নেতৃত্বে চক্রটি রাজধানীর বিভিন্ন বাড়িতে গিয়ে করোনার পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করতো এবং ভুয়া রিপোর্ট দিতো।

নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com