শনিবার, ১১ Jul ২০২৬, ১২:০৯ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদক, নগরকন্ঠ.কম : করোনা পরিস্থিতিতে মানুষের জীবন রক্ষায় সরকারকে প্রয়োজনীয় সব ব্যবস্থা দ্রুততার সঙ্গে গ্রহণ করার দাবি জানিয়েছেন বিশিষ্ট আইনজীবী গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন ও দলটির আহ্বায়ক কমিটির সাধারণ সম্পাদক ড. রেজা কিবরিয়া। তারা বলেছেন, করোনাভাইরাস বাংলাদেশে মহামারী আকার ধারণ করেছে। তাই করোনা আক্রান্তদের পরীক্ষার জন্য ল্যাব, অক্সিজেন, ভেন্টিলেশনসহ হাসপাতালগুলোতে পর্যাপ্ত শয্যার ব্যবস্থা করতে হবে।
গণফোরাম আহ্বায়ক কমিটির সদস্য মোশতাক আহমেদ স্বাক্ষরিত এক বিবৃতিতে এ কথা বলেন, গণফোরামের দুই শীর্ষ নেতা। যৌথ বিবৃতিতে ড. কামাল হোসেন ও ড. রেজা কিবরিয়া বলেন, চিকিৎসা নিতে আসা মানুষ যাতে হয়রানির শিকার না হয় তা নিশ্চিত করতে হবে। রেড-জোন এলাকাতে মানুষের খাদ্য, চিকিৎসা, ওষুধসহ প্রয়োজনীয় জিনিসপত্রের সরবরাহ নিশ্চিত করতে হবে। স্বাস্থ্য খাতের সব দুর্নীতি বন্ধ, সৎ-দক্ষ বিশেষজ্ঞদের নিয়ে জাতীয় কমিটি করে সব কাজের সমন্বয় করতে হবে।
বিবৃতিতে চিকিৎসা দিতে গিয়ে মৃত্যুবরণকারী চিকিৎসকদের জন্য শোক প্রকাশ করেন ড. কামাল হোসেন ও ড. রেজা কিবরিয়া। তারা বলেন, চিকিৎসক ও স্বাস্থ্যর্মীদের সুরক্ষার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে স্বাস্থ্যসেবাকে চলমান রাখার প্রতি খেয়াল রাখা আবশ্যক।
নগরকন্ঠ.কম/এআর