শনিবার, ১১ Jul ২০২৬, ১২:০৯ পূর্বাহ্ন

লকডাউনের সুফল পাচ্ছেন পূর্ব রাজাবাজারের বাসিন্দারা

নিজস্ব প্রতিবেদক, নগরকন্ঠ.কম : লকডাউনের সুফল পাচ্ছেন পূর্ব রাজাবাজারের বাসিন্দারা। লকডাউনের কারণে এ এলাকার করোনাভাইরাস পরিস্থিতি ধীরে ধীরে উন্নতির দিকে যাচ্ছে। প্রথম ১৪ দিন এবং আরও ৭ দিন বাড়িয়ে এখনও চলছে এ এলাকায় লকডাউন। চলবে আগামী ৩০ জুন পর্যন্ত।

শুক্রবার লকডাউনের ১৭ দিন অতিবাহিত হয়েছে। এদিন দুপুরে পূর্ব রাজাবাজার এলাকা ঘুরে দেখা গেছে, গ্রিন রোড সংলগ্ন আইবিএ হোস্টেলের প্রবেশ ও বহির্গমন পথ বাদে বাকি পথগুলো বন্ধ রয়েছে। এই গেট দিয়ে জরুরি প্রয়োজনে যাতায়াত করছেন এলাকাবাসী। তবে কাউকেও নির্দিষ্ট কারণ ছাড়া বাইরে যেতে দেয়া হচ্ছে না। কাউকে ভেতরেও ঢুকতে দেয়া হচ্ছে না জরুরি প্রয়োজন ছাড়া। গেটে দায়িত্বরত স্বেচ্ছাসেবকরা জানিয়েছেন, পূর্ব রাজাবাজারে ৯ জুন রাত ১২টার পর লকডাউন শুরু হয়।

এ সময় ওই এলাকায় করোনাভাইরাসে আক্রান্ত রোগী ছিল ৩১ জন। এরপর ২০ জুন পর্যন্ত উপসর্গ থাকা আরও ২০৫ জন নমুনা দিয়েছেন। এর মধ্যে আক্রান্ত হয়েছেন ৪০ জন। বাকিদের নমুনা পরীক্ষার ফল নেগেটিভ এসেছে। আইইডিসিআর সূত্রে জানা গেছে, এ ৪০ জনের মধ্যে বেশিরভাগই আক্রান্ত হয়েছেন লকডাউনের শুরুর দিকে। পরের দিকে এসে আক্রান্তের হার অনেকটাই কমে এসেছে।

স্বেচ্ছাসেবকরা বলছেন, লকডাউন অনেকটাই কার্যকর হয়েছে বলেই আক্রান্তের সংখ্যা কমছে। এ ক্ষেত্রে আক্রান্ত ব্যক্তিদের পরিবারের সদস্যরা আইসোলেশনে থাকায় বেশিরভাগের রিপোর্ট নেগেটিভ আসছে। লকডাউনের সমন্বয়কারী ডিএনসিসির উপপ্রধান স্বাস্থ্য কর্মকর্তা লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোস্তফা সারওয়ার জানান, প্রথম সপ্তাহে নমুনা পরীক্ষার বিপরীতে আক্রান্তের শতকরা হার ছিল ১৯ শতাংশের মতো।

শেষ পাঁচ দিনে তা ৯ শতাংশে নেমে এসেছে। অর্থাৎ আক্রান্তের হার শুরুর তুলনায় শেষের দিকে কমে আসছে, যা আশাব্যঞ্জক। এর মাধ্যমে আমরা পরীক্ষামূলক এই লকডাউনের কার্যকারিতা পাচ্ছি।

প্রায় ৫০ হাজার মানুষের বসবাস এই এলাকায় কিছু কিছু মানুষ লকডাউন মানতে চান না। তারা নানা অজুহাতে বাইরে যাওয়ার চেষ্টা করেন। আবার কেউ কেউ গেট ছাড়াও দেয়াল টপকে এমনকি অন্য কোনো কায়দায় বেরিয়ে পড়েন। তবে স্থানীয়রা বলছেন, লকডাউন মানতে চান না এমন মানুষের সংখ্যা খুবই কম। পূর্ব রাজাবাজারের একাধিক ব্যক্তির সঙ্গে কথা হলে তারা লকডাউন মানার পক্ষে অভিমত ব্যক্ত করেছেন।

নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com