শনিবার, ১১ Jul ২০২৬, ১২:০৮ পূর্বাহ্ন

রাজধানীর বিভিন্ন এলাকায় ৫ ঘণ্টা গ্যাস সংযোগ বন্ধ

নিজস্ব প্রতিবেদক, নগরকন্ঠ.কম : রাজধানীর পশ্চিম শেওড়াপাড়া এলাকায় ঢাকা ওয়াসার স্যুয়ারেজ লাইন সংস্কার কাজের সময় গ্যাস সরবরাহ পাইপ ফেটে আগুন ধরে যায়।

এ কারণে রাজধানীর পশ্চিমের বেশ কয়েকটি এলাকায় সকাল ৮টা থেকে দুপুর ১টা পর্যন্ত গ্যাস সংযোগ বন্ধ রাখে তিতাস গ্যাস কর্তৃপক্ষ। এতে চরম দুর্ভোগে পড়ে ওই সব এলাকার মানুষ।

জানা যায়, সকাল ৮টা থেকে দুপুর পর্যন্ত মিরপুর, মোহাম্মদপুর, ধানমণ্ডির আংশিক, শ্যামলী ও কল্যাণপুরে গ্যাস সরবরাহ বন্ধ ছিল। হঠাৎ করে গ্যাস সংযোগ বন্ধ হওয়ায় ওই সব এলাকার বাসিন্দাদের সকালের নাশতা এবং দুপুরের রান্না তৈরিতে বিড়ম্বনায় পড়তে হয়।

যাদের বাসায় বিকল্প ব্যবস্থা ছিল তারা রান্না করেছেন। অন্যরা বাইরে থেকে খাবার কিনে খেয়েছেন। কেউবা বাসায় থাকা শুকনা খাবার খেয়েছেন। এ প্রসঙ্গে তিতাস গ্যাসের ব্যবস্থাপনা পরিচালক আলী মো. আল-মামুন শুক্রবার যুগান্তরকে বলেন, পশ্চিম শেওড়াপাড়া এলাকায় ওয়াসার স্যুয়ারেজ লাইনের সংস্কার কাজের সময় গ্যাসের লাইন ফেটে আগুন ধরে যায়। আগুন নেভানো যাচ্ছিল না। এজন্য তাৎক্ষণিকভাবে গ্যাসের সংযোগ বন্ধ করে পরিস্থিতি নিয়ন্ত্রণ ও গ্যাসের লাইনের ফাটল ঠিক করা হয়।

জানা যায়, দীর্ঘদিন ধরে পশ্চিম শেওড়াপাড়ার ইকবাল রোডে ওয়াসার সংস্কার কাজ চলছে। এ কাজ করতে গিয়েই দুর্ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস এলেও আগুন নেভাতে বেগ পেতে হয়। ২ ঘণ্টা পর তিতাস সঞ্চালন বন্ধ করলেও জমে থাকা গ্যাসের কারণে আগুন নেভাতে দেরি হয়।

ঢাকা উত্তর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক আবুল বাশার সাংবাদিকদের বলেন, চারটা লাইন খুলে আগুন নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করি যাতে আগুন না বের হয়। দুপুরের মধ্যে পুরো পুরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

কয়েকজন এলাকাবাসী বলেন, আমরা শুরু থেকেই বলছি আপনার গ্যাসের লাইন আগে বন্ধ করেন। এর আগেও বেশ কয়েকবার গ্যাসের লাইন লিক হয়েছিল, কিন্তু তিতাস গ্যাস কর্তৃপক্ষ আমাদের কথা আমলে নেয়নি।
নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com