শুক্রবার, ১০ Jul ২০২৬, ১১:৩১ অপরাহ্ন

পানি বেড়েছে পদ্মায়, শুরু হয়েছে ভাঙন

নিজস্ব প্রতিবেদক, নগরকন্ঠ.কম : পানি বাড়তে শুরু করেছে কুষ্টিয়ার পদ্মা নদীর হার্ডিঞ্জ ব্রীজ পয়েন্টে। তবে এখনো সেটা বিপৎসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। এদিকে পানি বৃদ্ধির কারণে ভাঙন দেখা দিয়েছে কুষ্টিয়ার মিরপুর উপজেলার তালবাড়ীয়া এলাকায় এবং কুমারখালী উপজেলার শিলাইদহের কোমরকান্দি এলাকায়।

রোববার (২৮ জুন) কুষ্টিয়া পদ্মা নদী এবং পদ্মার শাখা গড়াই নদীতে পানি বৃদ্ধির তথ্য নিশ্চিত করেছেন কুষ্টিয়া পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী পীযুষ কৃষ্ণ কুন্ডু।

নির্বাহী প্রকৌশলী পীযুষ কৃষ্ণ কুন্ডু জানান, কয়েকদিন ধরেই কুষ্টিয়ার পদ্মা নদীর হার্ডিঞ্জ ব্রীজ পয়েন্টে পানি বৃদ্ধি পাচ্ছে। পদ্মার শাখা গড়াই নদীতেও পানি বৃদ্ধি পাচ্ছে।

রোববার (২৮ জুন) সকাল ৬টায় পদ্মা নদীর হার্ডিঞ্জ ব্রীজ পয়েন্টে পানি প্রবাহের মাত্রা ছিলো ১০ দশমিক ৮৯ সেন্টিমিটার।

শনিবার (২৭ জুন) হার্ডিঞ্জ ব্রীজ পয়েন্টে পানি প্রবাহের মাত্রা ছিলো ১০ দশমিক ২৯ সেন্টিমিটার। ২৪ ঘন্টায় পানি প্রবাহ বেড়েছে শুন্য দশমিক ৬০ সেন্টিমিটার। পদ্মার হার্ডিঞ্জ ব্রীজ পয়েন্টে পানি প্রবাহের বিপদসীমা ১৪ দশমিক ২৫ সেন্টিমিটার।

অপরদিকে রোববার (২৮ জুন) সকাল ৬টায় পদ্মা নদীর শাখা গড়াই নদীতে পানি প্রবাহের মাত্রা ছিলো ৯ দশমিক ৫৭ সেন্টিমিটার। শনিবার (২৭ জুন) গড়াই নদীতে পানি প্রবাহের মাত্রা ছিলো ৯ দশমিক ২৩ সেন্টিমিটার। ২৪ ঘণ্টায় পানি প্রবাহ বেড়েছে শুন্য দশমিক ৩৪ সেন্টিমিটার।

পীযুষ কৃষ্ণ কুন্ডু জানান, পদ্মা ও গড়াই নদীতে পানি বৃদ্ধির ফলে মিরপুর উপজেলার তালবাড়ীয়া এবং কুমারখালী উপজেলার শিলাইদহের কোমরকান্দি এলাকায় ভাঙন দেখা দিয়েছে। তবে পদ্মা ও গড়াই নদীর পানি বিপৎসীমার অনেক নিচ দিয়েই প্রবাহিত হচ্ছে।

কুমারখালী উপজেলার শিলাইদহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সালাউদ্দিন খান তারেক বলেন, বর্ষায় নদীতে পানি বৃদ্ধি পাওয়ার সঙ্গে সঙ্গে শিলাইদহের কোমরকান্দি এলাকায় ভাঙন দেখা দিয়েছে। কুঠিবাড়ী সংলগ্ন নদীর প্রধান দেড় কিলোমিটার কোমরকান্দির অংশে কোনো বাঁধ নির্মাণ না হওয়ায় ভাঙন দেখা দিয়েছে। চলমান ভাঙন কোনভাবে প্রতিরোধ না করা গেলে কুঠিবাড়ীসহ আশেপাশের ছয়টি গ্রামের হাজার হাজার বিঘা কৃষি জমি, ঘরবাড়িসহ সবকিছু নদীগর্ভে বিলিনি হয়ে যাবে।

মিরপুর উপজেলার তালবাড়ীয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল হান্নান জানান, নদীতে পানি বাড়ার কারণে তালবাড়ীয়ার বাঁধের পাশে ভাঙন দেখা দিয়েছে। ইতোমধ্যেই বেশ কিছু কৃষি জমি নদী গর্ভে ভাঙনের কবলে পড়েছে।
নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com