শুক্রবার, ১০ Jul ২০২৬, ০৮:২৪ অপরাহ্ন

এবার পাবনায় ঘাসের জমিতে মিলল মেছো বাঘের ছানা

নিজস্ব প্রতিবেদক, নগরকন্ঠ.কম : পাবনার আটঘরিয়ায় সপ্তাহ খানেক আগে বিরল প্রজাতির একটি বাঘ উদ্ধারের পর এবার তিনটি মেছো বাঘের ছানা উদ্ধার হয়েছে। উপজেলার মাজপাড়া ইউনিয়নের খিদিরপুর হাড়লপাড়া থেকে ওই ছানাগুলো উদ্ধার করা হয়।

বুধবার বিকালে সামাজিক বন বিভাগ পাবনার বিভাগীয় বন কর্মকর্তা মাহবুবুর রহমানের তত্ত্বাবধানে ছানাগুলোকে রাজশাহী বন বিভাগের বন্যপ্রাণী পরিচর্যা কেন্দ্রে পাঠানো হয়।

এর আগে মঙ্গলবার জেলা বনবিভাগ ওই ছানাগুলোকে তাদের হেফাজতে নিয়ে আসে।

পাবনার বিভাগীয় বন কর্মকর্তা মাহবুবুর রহমান জানান, মঙ্গলবার আটঘরিয়া উপজেলার হাড়লপাড়া গ্রামে নেপিয়ার ঘাসের জমিতে মেছো বাঘের তিনটি ছানা দেখতে দেখতে পায় এলাকাবাসী। পরে জেলা বন বিভাগের রেঞ্জ অফিসার রঞ্জিবুল আমিন ও ঈশ্বরদী-আটঘরিয়া উপজেলার বন কর্মকর্তা ইসমাইল হোসেন ছানা তিনটি উদ্ধার করেন। এরপর বিকেলেই বন বিভাগের পক্ষ থেকে ছানাগুলো পাবনায় নিয়ে আসা হয়।

তিনি বলেন, ধারণা করা হচ্ছে সপ্তাহখানেক আগে এই বাচ্চাগুলোর জন্ম হয়েছে। বাচ্চাগুলো খুব ছোট হওয়ায় তাদেরকে বিশেষ ব্যবস্থায় দুধ পান করানো হয়।

পাবনার আটঘরিয়া থানার ওসি আসিফ মোহাম্মদ সিদ্দিকুল ইসলাম বলেন, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে বন বিভাগের কর্মকর্তারা মেছো বাঘের বাচ্চাগুলোকে নিয়ে গেছে।

এদিকে এক সপ্তাহ আগে আটঘরিয়ায় একটি বিরল প্রজাতির বাঘ গ্রামবাসীরা আটক করে। পরে সেটি উপজেলা চেয়ারম্যান তানভির ইসলাম সেটি উদ্ধার করে বনবিভাগের কাছে সোপর্দ করতে যাওয়ার পথে অসাবধানতাবশত: বাঘটি ছুটে পালিয়ে যায়।

এক সপ্তাহের ব্যবধানে আবার তিনটি মেছো বাঘের ছানা উদ্ধারের ঘটনায় এলাকাবাসীর মধ্যে চাঞ্চল্য দেখা দিয়েছে।

নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com