শুক্রবার, ১০ Jul ২০২৬, ০৭:৩৫ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক, নগরকন্ঠ.কম : বগুড়ায় যমুনা নদীর পানি ৬৭ সেন্টিমিটার থেকে পর্যায়ক্রমে ১৩ সেন্টিমিটার কমলেও বিপদসীমার ৫৪ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। গত কয়েক দিনের প্রবল বৃষ্টিপাত ও উজান থেকে নেমে আসা ঢলে জেলার সারিয়াকান্দি পয়েন্টে যমুনা নদীতে পানি বেড়েছিল। তবে গত ২৪ ঘণ্টার হিসেব অনুযায়ী এ নদীর পানি কিছুটা কমেছে। অন্যদিকে বাঙ্গালী নদীরও পানি কমেছে।
আজ শনিবার (৪ জুলাই) দুপুর সোয়া ১২টার দিকে বিষয়টি নিশ্চিত করেন বগুড়া জেলা পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) নির্বাহী প্রকৗশলী মো. মাহবুবুর রহমান।
এদিকে যমুনা নদীর পানি বাড়ার ফলে সারিয়াকান্দি উপজেলার চরাঞ্চলের চালুয়াবাড়ী, কর্নিবাড়ী, কুতুবপুর, চন্দনবাইশা, কাজলা, কামালপুর, রহদহ ও সারিয়াকান্দি সদর ইউনিয়নের নিম্নাঞ্চল এবং পাট, ধানসহ ফসলি জমি পানিতে তলিয়ে গেছে। পানি বাড়ায় নদী তীরবর্তী মানুষের মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে। অসংখ্য মানুষ আশ্রয় নিয়েছে বন্যা নিয়ন্ত্রণ বাঁধে।
বগুড়া জেলা পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) নির্বাহী প্রকৌশলী মো. মাহবুবুর রহমান জানান, যমুনা নদীতে বিপদসীমা নির্ধারণ করা হয় ১৬ দশমিক ৭০ মিটার। শনিবার দুপুর ১২টার হিসেব অনুযায়ী নদীর পানি ১৭ দশমিক ২৪ মিটার দিয়ে প্রবাহিত হচ্ছে। অর্থাৎ বিপদসীমার ৫৪ সেন্টিমিটার উপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে এবং পানি বাড়া কমেছে।
তিনি আরও জানান, বাঙ্গালী নদীতে বিপদসীমা নির্ধারণ করা হয় ১৫ দশমিক ৮৫ মিটার। বর্তমানে এ নদীতে ১৫ দশমিক ১৬ মিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। এ নদীর পানি গত দু’দিন বাড়লেও বর্তমানে স্থিতিশীল রয়েছে।
মাহবুবুর রহমান জানান, এর আগে গত শুক্রবার (৩ জুলাই) সন্ধ্যা ৬টার হিসেব অনুযায়ী যমুনা নদীর পানির স্তর ছিল ১৭ দশমিক ৩০ সেন্টিমিটার।
নগরকন্ঠ.কম/এআর