শুক্রবার, ১০ Jul ২০২৬, ০৭:৩৩ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক, নগরকন্ঠ.কম : প্রফেসর আব্দুর রাজ্জাক আপাদমস্তক একজন শিক্ষানুরাগী। বৃদ্ধ বয়সেও শিক্ষকতা করে সমাজে শিক্ষার আলো ছড়িয়েছেন।
সম্প্রতি তিনি অবসরে যান। ১৬ সেপ্টম্বর ১৯৪৪ সালে তিনি মৌলভীবাজার জেলার নাজিরাবাদ ইউনিয়নের দুঘর গ্রামে জন্ম গ্রহন করেন।
তার বাবা মরহুম মো.আহমেদ ফরাছত।
তিনি ১৯৬১ সালে স্থানীয় জগৎসী জি,কে হাই স্কুল থেকে এসএসসি ও মৌলভীবাজার সরকারি কলেজ থেকে এইচএসসি পাস করে ১৯৬৯ সালে চট্রগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে ইতিহাস বিভাগ হতে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রী অর্জন করেন।
ওই বছরই শ্রীমঙ্গল সরকারি কলেজের ইতিহাস বিষয়ে প্রভাষক হিসেবে শিক্ষকতার কর্মজীবন শুরু করেন।
পরে পদোন্নতি পেয়ে ১৯৯২ সালে সিলেট এমসি কলেজ বিশ্ববিদ্যালয়ে ইতিহাস বিভাগের প্রধান হিসেবে যোগদান করেন। তারপর ১৯৯৮ সালে উপাধ্যক্ষ হিসেবে তার পূর্বের কর্মস্থল শ্রীমঙ্গল সরকারি কলেছে আবার ফেরত আসেন।
তিনি ওই কলেজের দুই বছর ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্বও পালন করেন। সরকারি চাকরির বয়সসীমায় ২০০২ সালের ১৫ সেপ্টম্বর তিনি ওই কলেজ থেকে অবসরে চলে যান।
ছাত্রজীবন থেকে একজন সৎ,ধার্মিক ও শিক্ষানুরাগী হিসেবে সবার কাছে পরিচিত হয়ে উঠেন। তিনি মানুষকে ইসলাম ধর্মের দাওয়াত ও ধর্মীয বিধি-বিধান পালনে তাবলীগ জামাতের মাধ্যমে কলেজ জীবন থেকেই দায়িত্ব পালন করে যাচ্ছেন।
পবিত্র হজ দুইবার পালন করেছেন তিনি। এছাড়া যুক্তরাজ্যসহ ইউরোপের বিভিন্ন দেশ ভ্রমণ করেছেন।
শিক্ষার আলো ছড়িয়ে দেয়াই নেশা, অন্য কিছুতেই শান্তি পাবেন না তিনি। তাই তিনি অবসরকালীন সময়ে মৌলভীবাজারের বেসরকারি আলহাজ্ব মো. মখলেছুর রহমান ডিগ্রী কলেজে ২০১৪ সালে অধ্যক্ষ হিসেবে যোগদান করেন।
তার কর্মদক্ষতার ফলে ২০১৯ ও ২০২০ শিক্ষাবর্ষে কলেজটিকে এমপিও ভুক্তি করে গত ৩০ জুন চূড়ান্তভাবে শিক্ষকতার জীবন থেকে অব্যাহতি নেন।
তিনি শিক্ষাকার্যত্রুমের পাশাপাশি বিভিন্ন সামাজিক কার্যত্রুমের সাথেও জড়িত রয়েছেন। তার প্রচেষ্টায় ১৯৬৫ সালে দুঘর শ্রীমতি জুনিয়র বিদ্যালয়কে উচ্চ বিদ্যালয়ে উন্নীত করেন।
এছাড়া শিক্ষাক্ষেত্রে বিশেষ অবদানের জন্য বিভিন্ন সংগঠন তাকে সম্মাননা পদকে ভূষিত করেন। এর মধ্যে উল্লেখযোগ্য হল পর পর তিনবার শেরে বাংলা ফজলুল হক ও কাজী নজরুল ইসলাম পদকপ্রাপ্ত হন।
স্ত্রী ছাড়াও তার পরিবারে আছে দুই ছেলে ও ৫ মেয়ে। এক ছেলে ইংল্যান্ড প্রবাসী সোয়েব আফজাল ও মৌলভীবাজার জেলা বারে শিক্ষানবীশ আইনজীবী পেশায় রয়েছেন আরেক ছেলে তানিম আফজাল।
মেয়েরা আমেরিকা ও ইংল্যান্ডে বসবাস করছেন। বর্তমানে তিনি শ্রীমঙ্গল কলেজ রোডে তার নিজ বাসভবন আফজাল ভিলায় বসবাস করছেন।
এই প্রতিবেদকের নিকট আবেগ আপ্লুত হয়ে বলেন, দেশ-বিদেশে তার অসংখ্য ছাত্র-ছাত্রী রয়েছে।
তিনি সবার কাছে দোয়া ও আশীর্বাদ কামনা করেন। তিনি যেন সুস্থভাবে বাকি জীবন আল্লাহর রাস্তায় থেকে ইমান ও আমলের সঙ্গে বিদায় নিতে চান।
নগরকন্ঠ.কম/এআর