শুক্রবার, ১০ Jul ২০২৬, ০৩:৪৩ অপরাহ্ন

নোয়াখালীতে ভুয়া এমবিবিএস ডাক্তার আটক

নিজস্ব প্রতিবেদক, নগরকন্ঠ.কম : নোয়াখালীর মাইজদী থেকে এক ভুয়া এমবিবিএস ডাক্তারকে আটক করেছে সুধারাম মডেল থানার পুলিশ।

মঙ্গলবার দুপুরে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই) নোয়াখালী জেলা কার্যালয়ের তথ্যের ভিত্তিতে শহরের হাউজিং এস্টেট এলাকায় ওই ভুয়া ডাক্তারের বাসায় অভিযান চালিয়ে তাকে আটক করে।

আটককৃত ভুয়া এমবিবিএস ডাক্তার কামরুল হাসান (৩২) লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার চরপাগলা গ্রামের হোসেন আহমদের ছেলে।

ভুক্তভোগী একাধিক রোগী জানান, ভুয়া ওই ডাক্তার দীর্ঘদিন শহরের হাউজিং এস্টেট এলাকার মাতৃছায়া হাসপাতাল প্রাইভেট লিমিটেডে পিজিটি (মেডিসিন), নিউরোমেডিসিন, হৃদরোগ, বক্ষব্যাধি, বিশেষজ্ঞ পরিচয় দিয়ে প্যাড ব্যবহার করে চেম্বারে রোগী দেখছেন। তার বিষয়ে বিভিন্ন অভিযোগ পাওয়ার পর বাসায় অভিযান চালিয়ে তাকে আটক করে পুলিশ।

এসময় তিনি নিজেকে এমবিবিএস ডাক্তার হিসেবে প্রমাণ করতে ব্যর্থ হন। এর আগে একই হাসপাতাল থেকে ২০১৮ সালে আরেক ভুয়া এমবিবিএস ডাক্তার আবুল কাশেমকে গ্রেপ্তার করে ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়।

সুধারাম থানার অফিসার ইনচার্জ (ওসি) নবীর হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এনএসআইয়ের তথ্যের ভিত্তিতে পুলিশ তাকে আটক করে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে আসে। পরে জেলা সিভিল সার্জনের সহযোগিতায় সে ভুয়া ডাক্তার হিসাবে প্রমাণিত হয়। এ বিষয়ে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com