শুক্রবার, ০৩ Jul ২০২৬, ০৬:০৬ পূর্বাহ্ন

২২৫ মিলিয়ন ডলারের নতুন ফান্ড পেয়েছে ইউআইপাথ

তথ্য ও প্রযুক্তি ডেস্ক, নগরকন্ঠ.কম : বহুজাতিক রোবোটিক প্রসেস অটোমেশন (আরপিএ) এবং কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) কোম্পানি ইউআইপাথ ২২৫ মিলিয়ন মার্কিন ডলারের নতুন বিনিয়োগ পেয়েছে। এর আগে কোম্পানিটি ছয়বার বড় ফান্ড সংগ্রহ করেছে, যা এটিকে বিশ্বের সবচেয়ে দ্রুত সম্প্রসারণশীল আরপিএ প্রতিষ্ঠানে পরিণত করেছে। নতুন বিনিয়োগের পর কোম্পানিটি বাংলাদেশসহ বিভিন্ন দেশে হাইপার অটোমেশন এবং ক্লাউড সেবা সম্প্রসারণে এগিয়ে যাবে।

যুক্তরাষ্ট্রভিত্তিক বিনিয়োগ পরামর্শদাতা সংস্থা অ্যালকিওন ক্যাপিটাল ম্যানেজমেন্ট এ দফায় ফান্ড সংগ্রহে নেতৃত্ব দেয়। এর সঙ্গে ছিল অ্যাকসেল, কোটু, ড্রাগনইয়ার, আইভিপি, মাডরনা ভেঞ্চার গ্রুপ, সেক্যুয়া ক্যাপিটাল, টেনসেন্ট ও টাইগার গ্লোবাল। ফান্ড এবং হিসাব সংক্রান্ত পরামর্শ দেয় টি রো প্রাইস অ্যাসোসিয়েটস।

ফরেস্টার গবেষণার তথ্য অনুযায়ী, কোভিড-১৯ পরবর্তী বিশ্বে শিল্প ও কোম্পানিগুলো সরবরাহ এবং মানবকর্মীদের উৎপাদনশীলতার ঝুঁকি কমাতে অটোমেশনে দিকে দ্রুতগতিতে এগিয়ে যাবে। ইউআইপাথ নতুন ফান্ড অটোমেশন গবেষণা ও উন্নয়নে ব্যবহার করবে।

ইউআইপাথের সহ-প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ড্যানিয়েল ডাইনস বলেন, ‘গ্রাহকদের ক্রমবর্ধমান চাহিদা মেটাতে এ ফান্ড গতির সঞ্চার করবে। পাশাপাশি এক বিলিয়ন নাগরিক ডেভেলপারের কাছে অটোমেশনকে নিয়ে যাবে। এর মাধ্যমে এক সময় সব ব্যবসাই সফটওয়্যার ব্যবসায় পরিণত হবে।’ তিনি আরো বলেন, ‘করোনাভাইরাসের সংক্রমণ আমাদেরকে অটোমেশনের গুরুত্ব আরও ভালোভাবে বুঝিয়ে দিয়েছে। নতুন পৃথিবীতে খাপ খাইয়ে নিতে এবং দ্রুত এগিয়ে যেতে কিংবা ব্যবসা ব্যবস্থাপনা রূপান্তরে গ্রাহকদের সহযোগিতা করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।’

নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com