শুক্রবার, ১০ Jul ২০২৬, ০২:০০ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক, নগরকন্ঠ.কম : গাজীপুর মহানগরীর পূবাইল থানার মারুকা এলাকায় প্রতিপক্ষের লাঠির আঘাতে এক বিধবা নারীর (৫২) মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় এ হামলার ঘটনা ঘটে।
নিহত নাজমা আক্তার ওই এলাকার সুরুজ মিয়ার স্ত্রী। তিনি তিন মেয়ে ও এক ছেলের জননী। সন্তানদের দুজনই প্রতিবন্ধী।
নিহতের বড় মেয়ে আফসানা যুগান্তরকে বলেন, দীর্ঘদিন ধরে প্রতিবেশী নুরু মিয়া ও সাইফুল ইসলামের সঙ্গে তাদের বিরোধ চলে আসছিল। এ নিয়ে তাদের নামে পূবাইল থানায় জিডিও করা হয়। বৃহস্পতিবার সন্ধ্যায় নুরু মিয়া ও সাইফুল ইসলামের নেতৃত্বে ৫-৭ জনের একটি দল সামান্য মিষ্টি বিতরণ কেন্দ্র করে বাড়িতে এসে আমার পরিবারের ওপর হামলা চালায়। মায়ের চিৎকারে প্রতিবেশীরা চলে এলে লাঠিসোটা ফেলে পালিয়ে যায় তারা। নাজমাকে শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।
স্থানীয় কাউন্সিলর আবদুস সালাম জানান, এর আগেও হামলাকারীদের বিরুদ্ধে থানায় জিডি করেছিল ভিকটিমের পরিবার।
পূবাইল থানার সাব-ইন্সপেক্টর (এস আই) ওমর আলী জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্যে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। মামলার প্রস্তুতি চলছে।
নগরকন্ঠ.কম/এআর