শুক্রবার, ০৩ Jul ২০২৬, ০৬:০৫ পূর্বাহ্ন

ঢাকায় আজ শুরু হচ্ছে দুই দিনের ভার্চুয়াল ইয়ুথ সামিট

তথ্য ও প্রযুক্তি ডেস্ক, নগরকন্ঠ.কম : ঢাকায় দুই দিন ব্যাপি আন্তর্জাতিক অনলাইন যুব সম্মেলন ভার্চুয়াল ইয়ুথ সামিট অ্যান্ড লিডারশিপ অ্যাওয়ার্ড- ২০২০ শুরু হচ্ছে আজ।

শুক্রবার (১৭ জুলাই) বেলা ১১টায় প্রধান অতিথি হিসেবে সামিটের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন তথ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান।

বাংলাদেশ থেকে প্রথমবারের মত আয়োজিত এই ধরনের আন্তর্জাতিক ভার্চুয়াল ইয়ুথ সামিটে বিশ্বের ১০০ টি দেশ থেকে এবং স্বাগতিক বাংলাদেশের ৬৪ জেলার যুব প্রতিনিধিরা এই অনলাইন সম্মেলনে অংশগ্রহণ করবেন। বিশ্বের বিভিন্ন দেশ থেকে ৫৫ জন বিশেষজ্ঞ ও তরুণ চিন্তাবিদেরা আলোচনায় অংশ নেবেন।

’করোনাকালীন সময়ে টানা দুইদিনব্যাপী বিশ্বের হাজারো তরুণ নেতা, বিশেষজ্ঞ এবং চিন্তাবিদের একত্রিত করে সমস্যা মোকাবেলার জন্য প্রস্তুতি’ বিষয়ে লন্ডনে ওয়ার্ল্ড রেকর্ড বুকে নাম লেখানোর প্রত্যাশা করছে এই ভার্চুয়াল সামিটের আয়োজক মানবতা ও জনকল্যাণমূলক আন্তর্জাতিক সংগঠন গ্লোবাল ল থিংকার্স সোসাইটি।

করোনাকালীন এই দুঃসময় মোকাবিলা করা এবং বর্তমান সময়কে কাজে লাগিয়ে ভবিষ্যৎ স্বপ্ন জয়ের অনুপ্রেরণা তৈরির প্রত্যাশা এই কার্যক্রমের মূল লক্ষ্য ও উদ্দেশ্য। ২০৩০ সালের মধ্যে শিক্ষা, কর্ম যোগ্যতা, সুস্বাস্থ্য, মানবাধিকার, বিজ্ঞান ও প্রযুক্তি এবং টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে তরুণদের অংশগ্রহণ, নেতৃত্ব প্রদান ও তাদের কার্যকর সহযোগিতা নিশ্চিত করার উদ্দেশে মূলত এই ভার্চুয়াল ইয়ুথ সামিটের আয়োজন করা হয়েছে।

ভার্চুয়াল ইয়ুথ সামিটের আলোচ্য বিষয়গুলো হলো- সুস্বাস্থ্য ও মানসিক সমৃদ্ধি , টেকসই উন্নয়ন ও মানবাধিকার, শিক্ষা ও ইকোনমি এবং বিজ্ঞান ও প্রযুক্তি।

এছাড়া যুব পর্যটন, বিশ্ব সংস্কৃতি আদান-প্রদান, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, জলবায়ু পরিবর্তন, শান্তি ও ন্যায়বিচার নিশ্চিতকরণ ও সংশ্লিষ্ট অন্যান্য বিষয়ে গুরুত্ব দিয়ে বিভিন্ন সেশনে আলোচনাহবে।

অনুষ্ঠানের কর্মসূচী মধ্যে রয়েছে:

১৭ জুলাই- বেলা ১১টা থেকে রাত ৯টা (বাংলাদেশ সময়) আনুষ্ঠানিক ভার্চুয়াল উদ্বোধন, প্যানেল সেশনসমূহ- বিষয়ভিত্তিক আলোচনা সভা।

১৮ জুলাই- বেলা ১১টা থেকে রাত ১০টা বিশ্বের তরুণ নেতাদের গোলটেবিল আলোচনা সভা, আনুষ্ঠানিক অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানের উদ্বোধন, অ্যাওয়ার্ড প্রদান ও ভার্চুয়াল সাংস্কৃতিক অনুষ্ঠান।

নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com