বৃহস্পতিবার, ০৯ Jul ২০২৬, ১১:২৬ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদক, নগরকন্ঠ.কম : পদ্মা নদীতে তীব্র স্রোত আর ফেরি সংকটে পাটুরিয়া দৌলতদিয়া নৌপথে যানবাহন পারাপার ব্যাহত হচ্ছে। গতকাল থেকে শিমুলিয়া কাঁঠালবাড়ি নৌপথে ফেরি চলাচল বন্ধ থাকায় এ নৌপথে গাড়ির চাপ বেড়েছে।
পাটুরিয়া ঘাট এলাকায় পরিবহন ও ছোট গাড়ির চাপ কিছুটা কম থাকলেও পণ্যবাহী ট্রাকের চাপ কমেনি। এ ঘাটে প্রায় সহ্রস্রাধিক ট্রাক পারের অপেক্ষায় রয়েছে।
শনিবার (১৮ জুলাই) বিকাল সাড়ে ৪টার দিকে শিবালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফিরোজ কবির এসব তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, আগে স্বাভাবিক সময়ে ফেরি পারাপার হতে ৩০ থেকে ৪০ মিনিট সময় লাগত। এখন নদীর তীব্র স্রোতের কারণে ফেরি পারাপারে দেড় থেকে দুই ঘণ্টা সময় লাগছে।
এ নৌপথে ১৬ থেকে ১৭টি ফেরি পারাপারে নিযুক্ত ছিলো। এখন ছয়টি বড় এবং পাঁচটি ছোট ফেরি চলছে। ফেরি স্বল্পতা আর শিমুলিয়া-কাঁঠালবাড়ি নৌপথ বন্ধ থাকায় যানবাহনের চাপ বেড়েছে।
আরসিএল মোড় থেকে থানা পর্যন্ত এবং আরিচা ঘাটের ট্রাক টার্মিনালে পণ্যবাহী ট্রাক সারিবদ্ধভাবে পারাপারের জন্য রাখা হয়েছে। রাস্তায় আইনশৃঙখলা রক্ষার কাজে পর্যাপ্ত পুলিশি তৎপরতা রয়েছে বলেও জানান ওসি ফিরোজ কবির।
নগরকন্ঠ.কম/এআর