বৃহস্পতিবার, ০৯ Jul ২০২৬, ১০:২৩ পূর্বাহ্ন

ঘূর্ণিস্রোতে শিমুলিয়া-কাঁঠালবাড়ি রুটে ফেরি চলাচল ব্যাহত

নিজস্ব প্রতিবেদক, নগরকন্ঠ.কম : মুন্সীগঞ্জের মাওয়া পয়েন্টে পদ্মা নদীতে পানি বিপদসীমার ৬৫ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। উজান থেকে নেমে আসা পানিতে পদ্মায় পানিতে তীব্র ঘূর্ণিস্রোতের কারণে শিমুলিয়া-কাঁঠালবাড়ি নৌরুটে ফেরি চলাচল চরমভাবে ব্যাহত হচ্ছে।

সোমবার (২০ জুলাই) তীব্র স্রোতের কারণে দুর্ঘটনা এড়াতে নৌরুটে সীমিত আকারে ফেরি চলাচল করছে। এ রুটে সকাল থেকে ১৫টি ফেরির মধ্যে পাঁচটি ফেরি চলাচল করছে।

শিমুলিয়া ঘাটের বিআইডব্লিউটিসির ব্যবস্থাপক সাফায়েত আহমেদ এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, বর্তমানে নৌরুটে দুটি বড় ও তিনটি ফেরি দিয়ে যানবাহন পারাপার করা হচ্ছে। তবে স্রোত মোকাবেলা করে বিকল্প চ্যানেলে পৌঁছাতে ফেরিগুলোর বেগ পেতে হচ্ছে। সময়ও অনেক বেশি লাগছে।

তিনি বলেন, ‘তীব্র স্রোতের কারণে গত কয়েকদিন ধরে ফেরি চলাচল চরমভাবে ব্যাহত হচ্ছে। নদী পাড়ি দিতে পাঁচ থেকে ছয় ঘণ্টার বেশি সময় লাগছে। ঘূর্ণিস্রোত ফেরিগুলোকে চ্যানেলের বিপরীত দিকে টেনে নিয়ে যাচ্ছে। পরিস্থিতি ভালো হলে বাকি ১০টি ফেরিও চলাচল করবে।’

অন্যদিকে, নদীতে পানি বৃদ্ধির কারণে শিমুলিয়া ঘাটের প্লাটুনের এপ্রোচ বারবার পানিতে তলিয়ে যাচ্ছে। এতে গাড়ি ওঠানামা করাতেও চরম সমস্যায় পড়তে হচ্ছে। প্লাটুনের এপ্রোচ পানিতে ডুবে গেলে বালু ও ইট দিয়ে বারবার উঁচু করে সমস্যা সমাধান করা হচ্ছে।

মুন্সীগঞ্জের মাওয়ার ট্রাফিক ইনচার্জ (টিআই) হিলাল উদ্দিন জানান, শিমুলিয়া ঘাটে ফেরি স্বল্পতার কারণে ঘাট এলাকায় নদী পারাপারের অপেক্ষায় আটকা পড়েছে পাঁচ শতাধিক ছোটবড় যানবাহন। ফেরি চলাচল ব্যাহত হওয়ায় চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা।

নগরকন্ঠ.কম /এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com