বৃহস্পতিবার, ০৯ Jul ২০২৬, ১০:২৩ পূর্বাহ্ন

আদালতের সময় নষ্ট, সিকদার গ্রুপের দুই ভাইকে জরিমানা

নিজস্ব প্রতিবেদক, নগরকন্ঠ.কম : হত্যাচেষ্টা মামলার আসামি সিকদার গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক রন হক সিকদার ও তার ভাই দিপু হক সিকদারের জামিন আবেদন খারিজ করে দিয়েছেন হাইকোর্ট।

একই সঙ্গে তাদের ১০ হাজার পিপিই জরিমানা করা হয়েছে। বিদেশ থেকে এভাবে আগাম জামিনের আবেদন করে ‘আদালতের সময় নষ্ট করায়’ তাদের জরিমানা করা হয়।

জরিমানা হিসেবে আগামী দুই সপ্তাহের মধ্যে তাদের প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে ১০ হাজার পিপিই প্রদান করার নির্দেশ দিয়েছেন আদালত।

সোমবার বিচারপতি মো. আশরাফুল কামালের নেতৃত্বাধীন ভার্চুয়াল হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

আদালতের সামনে উপস্থিত না হয়ে দেশের বাইরে থেকে ভার্চুয়ালি আত্মসমর্পণ করেন রন হক সিকদার ও তার ভাই দিপু হক সিকদার। এ ধরনের আত্মসমর্পণ ও জামিন আবেদন ‘বিধিবহির্ভূত’ উল্লেখ করেন আদালত।

আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম, ডেপুটি অ্যাটর্নি জেনারেল বশির আহমদ।

আর আসামিদের জামিন আবেদনের পক্ষে শুনানিতে ছিলেন আইনজীবী আব্দুল বাসেত মজুমদার, আজমালুল হোসেন কিউসি।

অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম জানান, দুজনকে পাঁচ হাজার করে মোট ১০ হাজার পিপিই জরিমানা করেন আদালত।

এক্সিম ব্যাংকের দুই কর্মকর্তাকে নির্যাতন ও গুলি করে হত্যাচেষ্টার অভিযোগে রন হক সিকদার ও তার ভাই দিপু হক সিকদারের বিরুদ্ধে ১৯ মে রাজধানীর গুলশান থানায় মামলা করে ব্যাংক কর্তৃপক্ষ।

মামলা হওয়ার পর চার্টার্ড বিমানে করে থাইল্যান্ডে পালিয়ে যান আসামিরা।

নগরকন্ঠ.কম /এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com