বৃহস্পতিবার, ০৯ Jul ২০২৬, ০৭:৫৬ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদক, নগরকন্ঠ.কম : করোনা পরিস্থিতিতে গরুর হাটে না গিয়ে ঘরে বসেই ছাগল পছন্দ করার পর সেটি বাসায় অনলাইনে লাইভে ওজন মেপে কেজি দরে কেনার সুযোগ পাচ্ছে চট্টগ্রাম মহানগরীর ক্রেতারা।
ই-কমার্সে ব্যতিক্রমী এই অনলাইন ছাগলের হাট চালু করেছেন চট্টগ্রামের আবু নাসের রিপন নামের এক তরুণ উদ্যোক্তা।
ফেসবুক বা অনলাইন প্লাটফরমে ছাগল পছন্দ করার পর প্রতি কেজি হিসেব দামে এই ছাগল কিনতে পারবেন ক্রেতারা। নিজের ঘরেই স্কেলে ওজন মেপে সেই ছাগল ডেলিভারি দিবেন ক্রেতা।
এই পদ্ধতিতে একজন ক্রেতা করোনার ঝুঁকি থেকে মুক্ত থাকবেন এবং লাইভ কেজি দরে ওজন মেপে ছাগল কেনায় ক্রেতার ঠকারও আশঙ্কা নেই বলে জানিয়েছেন ব্যাতিক্রমী এই ছাগলের হাটের উদ্যোক্তা।
এক সময় পাঁচ তারকা হোটেলের উচ্চ পদে চাকরি করতেন তিনি। ব্যবসার উদ্দেশ্যে চাকরি ছেড়ে এখন ই-কমার্স ব্যবসায় মনোনিবেশ করেছেন তিনি।
তরুণ উদ্যোক্তা আবু নাসের রিপন রাইজিংবিডিকে জানান, দেশে চলমান করোনা পরিস্থিতিতে কোরবানির জন্য ছাগল ক্রেতাদের করোনার ঝুঁকিমুক্ত রাখতে এবং ছাগল কিনতে গিয়ে যেনো ঠকতে না হয় সে লক্ষ্য সামনে রেখেই অনলাইন ভিত্তিক ছাগলের হাট চালু করেছেন তিনি। তার হাটে সর্বনিম্ন ১০ হাজার টাকা থেকে সর্বোচ্চ ৪৫ হাজার টাকা দামের ছাগল রয়েছে। লাইভ ওজনে হোম প্রতিকেজি ছাগল তিনি বিক্রি করছেন ৪৯৯ টাকা দরে।
আবু নাসের জানান, এই প্রক্রিয়ায় কোরবানির জন্য একজন ছাগল ক্রেতা অনলাইনে ছবি ও ভিডিও দেখে ছাগল পছন্দ করতে পারবেন। এরপর মোবাইল ফোনে যোগাযোগ করলে ঠিকানা অনুযায়ী বাসায় পৌঁছে যাবে ছাগল। এরপর ক্রেতার সামনেই লাইভ ওজন মেপে ছাগল বুঝিয়ে দিবেন। লাইভ ওজনে ছাগলের যতকেজি ওজন হবে সেই হিসেবে ক্রেতা মূল্য পরিশোধ করবেন। কোরবানির আগের দিন পর্যন্ত এই হাট চালু থাকবে বলে এই উদ্যোক্তা জানান।
অনলাইনে ছাগল কেনার অভিজ্ঞতা বর্ণনা করে রায়হান ইউসুফ নামের এক ক্রেতা রাইজিংবিডিকে জানান, আমি ১০ হাজার টাকা বাজেটের মধ্যে একটি ছাগল কেনার আগ্রহ প্রকাশ করি এবং ছবি ও ভিডিও দেখে একটি ছাগল পছন্দ করি। ছাগলের কেজিমূল্য নির্ধারিত থাকায় দরদামের জন্য কোন চিন্তা করতে হয়নি।
বিক্রেতা ছাগলটি বাসায় নিয়ে আসার পর ওজন মেপে দেখা গেলো ছাগলটির ওজন ১৯ কেজি ৫০০ গ্রাম। কেজি মূল্য হিসেবে করে বিক্রেতাকে টাকা পরিশোধ করে দিয়ে ছাগলটি বুঝে নিয়েছি। এই পদ্ধতিতে কোরবানির জন্য ছাগল কেনা অত্যন্ত নিরাপদ এবং দামের ক্ষেত্রেও সাশ্রয়ী বলে মন্তব্য করেন রায়হান ইউসুফ।
নগরকন্ঠ.কম/এআর