বৃহস্পতিবার, ০৯ Jul ২০২৬, ০৪:৫৫ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদক, নগরকন্ঠ.কম : কিশোরগঞ্জের নিকলী বেড়িবাঁধ হাওর পর্যটন এলাকা দেখতে গিয়ে তিন যুবককে ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে।
সোমবার বিকালে সরকারি কাজে বাধা প্রদানের অপরাধে তাদের এমন শাস্তি দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। সন্ধ্যার পর তাদের কিশোরগঞ্জ জেলা কারাগারে পাঠানো হয়।
সাজাপ্রাপ্ত পর্যটক মাহবুবুর রহমান (৩০) কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়ার শামসুল হকের ছেলে, ফজলে রাব্বি (২৫) একই এলাকার দেলোয়ার হোসেনের ছেলে এবং আবুল কাশেম (২৮) ময়মনসিংহের নান্দাইল উপজেলার নাজিম উদ্দিনের ছেলে বলে জানা গেছে।
জানা যায়, সোমবার বিকালে ভ্রাম্যমাণ আদালতের বিচারক নিকলী উপজেলা নির্বাহী অফিসার শামসুদ্দিন মুন্না নেতৃত্বে গঠিত আদালত তাদের এই দণ্ডাদেশ প্রদান করেন।
ভ্রাম্যমাণ আদালত ও নিকলী থানা পুলিশ সূত্রে জানা গেছে, করোনা পরিস্থিতিতে সোশ্যাল ট্রান্সমিশন এড়াতে কিশোরগঞ্জের হাওর পর্যটন এলাকা নিকলীতে পর্যটকদের ঢল ঠেকাতে প্রবেশ সীমিত করতে পাহারা বসায় প্রশাসন।
প্রবেশ নিয়ন্ত্রণে উপজেলার রোদারপুড্ডা এলাকায় পাহারারত পুলিশ সদস্যদের বাধা উপেক্ষা করে প্রবেশ চেষ্টা এবং হাতাহাতিতে জড়িয়ে পড়েন কিছু পর্যটক।
এ সময় এ তিন পর্যটককে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মুখোমুখি করে থানা পুলিশ।
নিকলী উপজেলা নির্বাহী অফিসার শামসুদ্দিন মুন্না ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
নগরকন্ঠ.কম/এআর