বৃহস্পতিবার, ০৯ Jul ২০২৬, ০৪:৫০ পূর্বাহ্ন

নিখোঁজ অটোচালকের হাত-পা বাঁধা লাশ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক, নগরকন্ঠ.কম : নিখোঁজের তিন দিন পর স্কচটেপ দিয়ে হাত-পা ও মুখ বাধা অবস্থায় আশু মোল্লা (৪৫) নামে এক অটোরিকশাচালকের লাশ উদ্ধার করেছে আড়াইহাজার থানা পুলিশ।

শনিবার উপজেলার ব্রাহ্মন্দী ইউনিয়নের বৈলারকান্দী পল্লী বিদ্যুৎ প্রজেক্টের সামনে থেকে লাশটি উদ্ধার করা হয়।

আড়াইহাজার থানার এসআই মঞ্জুর হোসেন জানান, শনিবার সকালে নরসিংদী-মদনগঞ্জ সড়কের আড়াইহাজার উপজেলার ব্রাহ্মন্দী ইউনিয়নের বৈলারকান্দী সুইচ গেইট সংলগ্ন সড়কের পূর্বপার্শ্বে একটি মৃতদেহ পড়ে আছে বলে স্থানীয় লোকজন সংবাদ দেয়। সকাল ৮টার দিকে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মৃতদেহটি উদ্ধার করা হয়।

নিহতের দুই হাত পিছন দিক থেকে সাদা স্কচটেপ দিয়ে বাঁধা এবং মুখ নাকসহ ও দুই পা সাদা স্কচটেপ দিয়ে বাঁধা ছিল। নিহতের গলায় কাটা দাগ রয়েছে। লাশে পচন ধরে কালচে হয়ে গেছে।

নিহতের ভাই বেনু মোল্লা জানান, তার ভাই একজন অটো চালক। তিনি বৃহস্পতিবার অটো নিয়ে বাড়ি থেকে বের হয়ে যাওয়ার পর আর বাড়িতে ফিরে আসেনি এবং তার অটোটিও পাওয়া যায়নি।

আড়াইহাজার থানার ওসি নজরুল ইসলাম জানান, ধারণা করা হচ্ছে অটো ছিনতাইয়ের জন্য কয়েকদিন আগেই তাকে হত্যা করা হয়েছে। লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। এ ব্যাপারে মামলা প্রস্তুতি চলছে এবং হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের গ্রেফতারে পুলিশ কাজ করছে।

নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com