বৃহস্পতিবার, ০৯ Jul ২০২৬, ০৩:৩৮ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদক, নগরকন্ঠ.কম : বগুড়ায় করোনাভাইরাসে আক্রান্ত আলহাজ সাখাওয়াত হোসেন (৭৫) নামে এক ব্যবসায়ী শনিবার দুপুরে টিএমএসএস মেডিকেল কলেজ (টিএমসি) ও রফাতউল্লাহ কমিউনিটি হাসপাতালে মারা গেছেন।
ওই সময় পর্যন্ত গত ২৪ ঘণ্টায় নতুন করে ৮৬ জন করোনা আক্রান্ত হয়েছেন। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা পাঁচ হাজার ১৮০ জন।
টিএমসি ও রফাতউল্লাহ কমিউনিটি হাসপাতালের সহকারী নির্বাহী কর্মকর্তা আবদুর রহিম রুবেল জানান, ব্যবসায়ী সাখাওয়াত হোসেন বগুড়ার শিবগঞ্জের মহাস্থানের বাসিন্দা। তিনি করোনা উপসর্গ নিয়ে ২ আগস্ট বেলা ২টা ১৯ মিনিটে তাদের হাসপাতালে ভর্তি হন। পরে নমুনা পরীক্ষায় তিনি করোনা পজিটিভ হন। চিকিৎসাধীন অবস্থায় শনিবার বেলা সোয়া ২টার দিকে তিনি মারা যান। তার মরদেহ প্রস্তুত করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
বগুড়া সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. ফারজানুল ইসলাম নির্ঝর জানান, শনিবার দুপুর পর্যন্ত গত ২৪ ঘণ্টায় জেলায় নতুন করে ৮৪ জন করোনা আক্রান্ত হয়েছেন। এর মধ্যে পুরুষ ৬২ জন, নারী ২১ জন ও শিশু তিনজন। সদর উপজেলায় ৭৭ জন, আদমদীঘিতে চারজন, শিবগঞ্জে তিনজন, কাহালু ও নন্দীগ্রামে একজন করে।
তিনি আরও জানান, শুক্রবার বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল পিসিআর ল্যাবে ২৮২ জনের নমুনা পরীক্ষা করে ৬৮ জনের পজিটিভ শনাক্ত হয়। এছাড়া টিএমসি ও রফাতউল্লাহ কমিউনিটি হাসপাতালে ৩৪ জনের নমুনা পরীক্ষায় ১৮ জন পজিটিভ হন।
এ নিয়ে জেলার ১২ উপজেলায় পাঁচ হাজার ১৮০ জন আক্রান্ত হলেন। সুস্থ হয়েছেন তিন হাজার ৮৭৬ জন, মারা গেছেন ১১৫ জন। হাসপাতাল ও বাড়িতে চিকিৎসাধীন রয়েছেন এক হাজার ১৮৯ জন।
নগরকন্ঠ.কম/এআর