বৃহস্পতিবার, ০৯ Jul ২০২৬, ০১:২১ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদক, নগরকন্ঠ.কম : গাজীপুরের কালিয়াকৈরে পানিতে ডুবে দুই ভাইসহ চারজনের মৃত্যু হয়েছে। বুধবার দুপুরে উপজেলার ঝেনজির চালা গ্রামে বাড়ির পাশের একটি পুকুরে গোসল করতে নামে আপন দুই ভাইয়ের মৃত্যু হয়। এ ছাড়া গতকাল মঙ্গলবার উপজেলার তালতলী এলাকায় গোসল করতে নেমে এক শিশু এবং বলিয়াদী এলাকায় পানিতে ডুবে আরেক বৃদ্ধের মৃত্যু হয়েছে।
নিহতরা হলেন- উপজেলার ঝেঞ্জিচালা এলাকার আনোয়ার হোসেনের দুই ছেলে আজিজুল হাকিম (১৪) ও মোস্তকিম হোসেন (১০), উপজেলার পুর্বচান্দরা এলাকার রবিন্দ্র রায়ের ছেলে রনি রায় (১৪), উপজেলার শ্রীফলতলী গ্রামের নুর মোহাম্মহ (৬০)।
নিহতদের পরিবার ও এলাকাবাসী সুত্রে জানা যায়, কালিয়াকৈরের ঝেঞ্জিচালা এলাকার আনোয়ার হোসেনের দুই ছেলে আজিজুল হাকিম ও মোস্তাকিম বুধবার বাড়ির পাশে পুকুরে বন্ধুদের সাথে গোসল করতে নামে। গোসলের এক পর্যায়ে চার বন্ধুর মধ্যে আজিজুল হাকিম (১৪) ও মোস্তাকিম হোসেন (১০) নামের দুই কিশোর পানিতে তলিয়ে যায়। ওই সময় অন্য দুই বন্ধু পানিতে ডুবে যাওয়া বন্ধুদের দেখতে না পেয়ে পুকুরের পাড়ে উঠে পরিবারের সদস্যদের ঘটনাটি জানান। পরে পরিবারের সদস্য ও গ্রামবাসী ওই পুকুরে থেকে দুই ভাইয়ের মৃতদেহ উদ্ধার করে।
মধ্যপাড়া ইউনিয়ন পরিষদের ৩ নম্বর ওয়াডের মেম্বার সারোয়ার আলম জানান, দুপুরে ৪ বন্ধু মিলে বাড়ি পাশে পুকুরে গোসল করতে গিয়ে গভীর পানিতে তিন বন্ধু ডুবে যায়। খবর পেয়ে স্থানীয় লোকজন ও পরিবারের সদস্যরা দুই জনের মরদেহ উদ্ধার করে।
অপর দিকে মঙ্গলবার দুপুরে বন্যার পানিতে গোসল করার সময় রনি রায় (১৮) নামের এক যুবক পানিতে ডুবে মারা গেছেন। একই দিন উপজেলার শ্রীফলতলী গ্রামের নুর মোহাম্মহ (৬০) নামের এক বৃদ্ধা ঘাস কাটতে গিয়ে পানিতে ডুবে মারা যান।
কালিয়াকৈর ফায়ার সার্ভিসের ষ্টেশন মাষ্টার কবীরুল ইসলাম জানান, গত দুই দিনে উপজেলার তিনটি এলাকায় আপনদুই ভাইসহ চারজন পানিতে ডুবে মৃত্যু হয়েছে।
নগরকন্ঠ.কম/এআর