বৃহস্পতিবার, ০৯ Jul ২০২৬, ১২:১৯ পূর্বাহ্ন

নীলফামারীতে পুকুর থেকে মা-মেয়ের লাশ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক, নগরকন্ঠ.কম : নীলফামারীর ডোমার উপজেলায় পুকুর থেকে মা আলেয়া বেগম (২৫) ও সাত মাসের শিশু মেয়ে মনি আক্তারের লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার বেলা ১১টার দিকে উপজেলার চিলাহাটি প্রগতিপাড়ার একটি পুকুর থেকে তাদের লাশ উদ্ধার করা হয়।

আলেয়া উপজেলার ভোগডাবুড়ি ইউনিয়নের চিলাহাটি প্রগতিপাড়া গ্রামের ইসমাইল হোসেনের স্ত্রী।

এলাকাবাসী জানান, ইসমাইল হোসেনের স্ত্রী আলেয়া মানসিক রোগী ছিলেন। বুধবার সকালে শিশু মনি বিছানায় পায়খানা করলে শরীরে লেগে থাকে। সেটি পরিষ্কার করার জন্য বাড়িসংলগ্ন পুকুরপাড়ে ওই শিশুকে নিয়ে যান তার মা আলেয়া বেগম।

এরপর দীর্ঘ সময়েও বাড়িতে না ফেরায় পরিবারের লোকজন খোঁজাখুঁজি করতে থাকেন। পরে সকাল ৯টার দিকে ওই পুকুরের পানিতে মা-মেয়ের লাশ ভাসতে দেখেন এলাকার লোকজন। পরে পুলিশ এসে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নীলফামারী জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়।

চিলাহাটি পুলিশ তদন্ত কেন্দ্রের দায়িত্বরত কর্মকর্তা নুরুল ইসলাম বলেন, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।

নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com