বৃহস্পতিবার, ০৯ Jul ২০২৬, ১২:১৫ পূর্বাহ্ন

রাজশাহীতে করোনায় ২ চিকিৎসকের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক,  নগরকন্ঠ.কম : রাজশাহীতে নভেল করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দুই চিকিৎসকের মৃত্যু হয়েছে।

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রোববার (১৬ আগস্ট) মারা যান তারা। এ দুই চিকিৎসকের নাম ডা. আফতাব উদ্দিন (৬৮) এবং ডা. আবদুর রহমান (৬৫)।

রামেক হাসপাতালের উপপরিচালক ডা. সাইফুল ফেরদৌস বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, ডা. আফতাব উদ্দিন ও ডা. আবদুর রহমান রামেক হাসপাতালে চাকরি করেছেন। দুজনেই অবসর নিয়েছেন। ডা. আবদুর রহমান অবসরের আগে স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক হন।

ডা. আফতাব উদ্দিনের বাড়ি রাজশাহী মহানগরীর উপশহর এলাকায়। আর ডা. আবদুর রহমান নওগাঁর মান্দা উপজেলার নুরুল্লাবাদ ইউনিয়নের রামনগর গ্রামের বাসিন্দা। তিনি রামেক হাসপাতালের ২৭ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন ছিলেন। বিকেল ৪টার দিকে তার মৃত্যু হয়। আর হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) দুপুর দেড়টায় মারা যান ডা. আফতাব উদ্দিন।

হাসপাতালের উপপরিচালক বলেন, তাদের দুজনেরই করোনা পজিটিভ ছিলো। তবে পরে অবশ্য ডা. আবদুর রহমানের রিপোর্ট নেগেটিভ আসে। কিন্তু রিপোর্ট নেগেটিভ আসার কয়েকদিনের মধ্যে মৃত্যু হলে এটিকে করোনায় মৃত্যু হিসেবে ধরা হয়। কারণ, করোনার কারণে ফুসফুস ক্ষতিগ্রস্ত হয়ে থাকে এবং মৃত্যুর জন্য সেটিই বড় কারণ।

স্বাধীনতা চিকিৎসক পরিষদের আজীবন সদস্য ডা. আবদুর রহমান নওগাঁ-৪ (মান্দা) আসনে মনোনয়ন প্রত্যাশী ছিলেন। তার স্ত্রী ডা. ফেরদৌসী আজমল ও ভাই রফিকুল ইসলামও করোনা পজিটিভ হয়ে চিকিৎসাধীন রয়েছেন।

মারা যাওয়া দুই চিকিৎসকের মরদেহ স্বাস্থ্যবিধি মেনে দাফন করা হয়েছে।

নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com