বুধবার, ০৮ Jul ২০২৬, ০৯:২৭ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক, নগরকন্ঠ.কম : সিরাজগঞ্জে বাস-পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে আব্দুল জব্বার (৩২) নামে পিকআপভ্যান মালিক এবং আকতার হোসেন (৩৫) নামে চালক নিহত হয়েছেন। বৃহস্পতিবার সন্ধ্যায় সিরাজগঞ্জ-নলকা চারলেন মহাসড়কের সদর উপজেলার শিলন্দা নামক স্থানে এদুর্ঘটনা ঘটে। পরে বৃহস্পতিবার (২০ আগস্ট) রাতে পৃথক হাসপাতালে তাদের মৃত্যু হয় বলে জানা গেছে।
নিহত আব্দুল জব্বার রায়গঞ্জ উপজেলার ঘুড়কা ইউনিয়নের বাসুদেবকোল গ্রামের হাসন আলীর ছেলে। তিনি ওই পিকআপ ভ্যানের মালিক। নিহত অপরজন আকতার হোসেন একই ইউনিয়নের চক গোবিন্দপুর গ্রামের আব্দুস সামাদের ছেলে। তিনি আব্দুল জব্বারের ভায়রা ভাই ও পিকআপ ভ্যানচালক ছিলেন।
সিরাজগঞ্জ সদর থানার উপপরিদর্শক (এসআই) মাহবুবুর রহমান জানান, বৃহস্পতিবার (২০ আগস্ট) সন্ধ্যায় নিজের পিকআপ ভ্যানে করে নলকার দিকে যাচ্ছিলেন আব্দুল জব্বার। গাড়ি চালাচ্ছিলেন তার ভায়রা ভাই আকতার হোসেন। গাড়িটি শিলন্দা নামক স্থানে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা নিউ সোনার মদিনা নামক একটি বাসের সঙ্গে এর মুখোমুখি সংঘর্ষ হয়। এতে আব্দুল জব্বার ও আকতার হোসেন গুরুতর আহত হন। রাতেই চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়।
নগরকন্ঠ.কম/এআর