বুধবার, ০৮ Jul ২০২৬, ০৯:২৮ অপরাহ্ন

টাঙ্গাইলে বাসের ধাক্কায় একই পরিবারের চার জন নিহত

নিজস্ব প্রতিবেদক, নগরকন্ঠ.কম : ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে বাসের ধাক্কায় সিএনজি চালিত অটোরিক্সার চার যাত্রী নিহত হয়েছেন। নিহতরা সবাই একই পরিবারের সদস্য। এই ঘটনায় আহত হয়েছেন সিএনজির চালকসহ আরও দুজন।

শুক্রবার (২১ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে মহাসড়কের টাঙ্গাইল সদর উপজেলার রাবনা বাইপাস এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- ভূঞাপুর উপজেলার ভদ্রশিমুল দক্ষিণ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আল আমিন, তার স্ত্রী কুকাদাইর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা মোছা. শিউলী খাতুন, আল আমিনের বাবা সোহারাব হোসেন (৭০) ও মা হাজেরা বেগম (৬৭)।

এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ কামাল হোসেন জানান, সকাল সাড়ে ১০টার দিকে সিএনজি চালিত অটোরিকশাটি রাবনা বাইপাস এলাকায় মহাসড়কের আন্ডারপাস দিয়ে টাঙ্গাইল শহরের দিকে ঢুকছিলো। এসময় ঢাকা থেকে উত্তরবঙ্গগামী একটি দ্রুতগামী বাস সিএনজিটিকে ধাক্কা দেয়। এতে সিএনজির চালকসহ ছয় জন গুরুতর আহত হয়।

পরে খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা স্থানীয়দের সহযোগীতায় আহতদের উদ্ধার করে ২৫০ শয্যা বিশিষ্ট টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করে। সেখানে নেওয়ার পর এক নারীর মৃত্যু হয়। আহতদের মধ্যে ঢাকা নেওয়ার পথে একজন ও দুপুর আড়াইটার দিকে টাঙ্গাইল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় পর্যায়ক্রমে আরও দুই জনের মৃত্যু হয়।

নিহতরা সবাই একই পরিবারের সদস্য। এই ঘটনায় আহত আরও দুজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে বলে জানান কামাল হোসেন।

নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com