বুধবার, ০৮ Jul ২০২৬, ০৯:৩৩ অপরাহ্ন

আবাসিক হোটেলে স্বামীর হাতে স্ত্রী খুন

নিজস্ব প্রতিবেদক, নগরকন্ঠ.কম : নরসিংদীর পৌর শহরের একটি আবাসিক হোটেলে স্বামীর হাতে স্ত্রী খুন হয়েছেন।

শনিবার দুপুর ১টার দিকে সদর রোডের আল মামুন হোটেলে এ ঘটনা ঘটে।

পারিবারিক কলহ ও পরকীয়ার জের ধরে এ হত্যাকাণ্ড ঘটতে পারে বলে জানিয়েছে পুলিশ।

এ ঘটনায় নিহত রেশমা আক্তারের (২৫) স্বামী শামসুল হককে গ্রেফতার করেছে পুলিশ।

নিহত রেশমার বাড়ি বি-বাড়িয়ার নবীনগর উপজেলায়।

পুলিশ জানায়, দুপুর ১২টার দিকে শামসুল হক তার স্ত্রী রেশমাকে নিয়ে সদর রোড এলাকার আল মামুন হোটেলে ওঠেন।

দুপুর ১টার দিকে রুমের ভেতর থেকে চিৎকার ও ধস্তাধস্তির শব্দ পাওয়া যায়। পরে হোটেলের লোকজন এগিয়ে গেলেও দরজা খোলেননি শামসুল।
অবস্থা বেগতিক দেখে হোটেল কর্তৃপক্ষ পুলিশকে খবর দেয়। পরে পুলিশ এসে হোটেলের ভেতর থেকে রক্তাক্ত অবস্থায় রেশমাকে উদ্ধার করে সদর হাসপাতালে পাঠায়। সেখানে নেয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ সময় নিহতের স্বামী শামসুল হককে গ্রেফতার করেছে পুলিশ।

অপর আরেকটি সূত্রে জানা গেছে, কয়েক দিন পর পরই রেশমা তার প্রেমিককে নিয়ে বিভিন্ন হোটেলে সময় কাটান। বিষয়টি তার স্বামীর চোখে ধরা পড়ে। এ নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে কলহ চলছিল। এর জের ধরে পরিকল্পিতভাবে তাকে হত্যা করা হয়।

সদর মডেল থানার ওসি বিপ্লব কুমার দত্ত জানিয়েছেন, ধারণা করা হচ্ছে– পারিবারিক কলহের জের ধরে এ হত্যাকাণ্ড হয়েছে। ঘটনাস্থল থেকে স্বামী শামসুল হককে গ্রেফতার করা হয়েছে। জিজ্ঞাসাবাদ ও তদন্তের পর বিস্তারিত জানানো যাবে।

নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com