বুধবার, ০৮ Jul ২০২৬, ০৭:২৬ অপরাহ্ন

রাস্তায় পড়েছিল একটি অটোরিকশা, নিখোঁজ ২ চালক

নিজস্ব প্রতিবেদক, নগরকন্ঠ.কম : ঢাকার ধামরাইয়ে শরিফুল ইসলাম (৪২) ও হাবিবুর রহমান (৪৫) নামে দুই অটোরিকশাচালক পাঁচদিন ধরে নিখোঁজ রয়েছে। এরমধ্যে হাবিবুর রহমানের অটোরিকশাটি শনিবার রাতে সড়কের পাশে পরিত্যক্ত অবস্থায় পাওয়া গেলেও অপরটি পাওয়া যায়নি। তারা গত শুক্রবার সকালে নিজ বাড়ি থেকে প্রতিদিনের মতো অটোরিকশা নিয়ে বের হয়। এরপর থেকে তারা আর বাসায় ফেরেনি। তাদের মোবাইল ফোনটিও বন্ধ রয়েছে। এতে তাদের স্ত্রী-সন্তান, মা-বাবা ও স্বজনরা উৎকন্ঠা আর উদ্বিগ্নে দিন কাটাচ্ছেন। এঘটনায় ধামরাই থানায় পৃথক দুটি সাধারণ ডায়েরি করা হয়েছে।

নিখোঁজ ব্যক্তিদ্বয়ের স্বজনদের জানা গেছে, ধামরাইয়ের কালামপুর গ্রামের আজগর আলীর ছেলে শরিফুল ইসলাম নিজের সংসার চালানোর জন্য প্রায় একমাস আগে প্রায় এক লাখ টাকা দিয়ে নতুন একটি অটোরিকশা কেনেন। প্রতিদিন কালামপুর এলাকায় ওই রিকশা চালিয়েই তার সংসার চলে। গত শুক্রবার সকাল ছয়টার দিকে রিকশা নিয়ে শরিফুল ইসলাম বাড়ি থেকে বের হন। ওইদিন দুপুর ১২টা পর্যন্ত কালামপুর এলাকায় রিকশা চালাতে দেখেছেন অনেকে। এরপর থেকেই তার মোবাইল ফোন বন্ধ পান পরিবারের লোকজন। ওইদিন থেকেই শরিফুল নিখোঁজ রয়েছেন। তার অটোরিকশাটিও পাওয়া যায়নি। এঘটনায় তার শ্যালক মতিউর রহমান বাদী হয়ে ধামরাই থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন। শরিফুলের ছেলে সোহাগ হোসেন জানান, আমার বাবার কোন শত্রু নেই। হয়ত নতুন অটোরিকশাটাই কাল হয়ে দাঁড়িয়েছে।

এদিকে ধামরাইয়ের গাংগুটিয়া ইউনিয়নের জালসা গ্রামের আব্দুর রহমানের ছেলে হাবিবুর রহমান তার নতুন সিএনজি অটোরিকশা নিয়ে শুক্রবার সকালে নিজ বাড়ি থেকে বের হন। তিনিও সিএনজি অটোরিকশা চালিয়েই সংসার চালান। কিন্তু আজ মঙ্গলবার পর্যন্ত তিনিও বাড়ি ফেরেননি। তার মোবাইলটিও বন্ধ রয়েছে। গত শনিবার রাতে তার সিএনজি অটোরিকশাটি ধামরাই-কালামপুর সড়কের কাশিপুর মহিলা মাদরাসার কাছে পরিত্যক্ত অবস্থায় পাওয়া গেলেও হাবিবুর রহমানের কোন সন্ধান পাওয়া যায়নি। এঘটনায়ও থানায় জিডি করা হয়েছে।

এলাকাবাসীর ধারনা, যাত্রীবেশে দুর্বৃত্তরা অটোরিকশা ছিনতাইয়ের পর তাদের গুম করে রাখতে পারে। ধামরাইয়ের অটোরিকশা চালকদের মধ্যে ফের আতঙ্ক বিরাজ করছে।

ধামরাই থানার ওসি দীপক চন্দ্র সাহা বলেন, একটি অটোরিকশা সড়কের পাশে পরিত্যক্ত অবস্থায় পাওয়া গেলেও অপরটি পাওয়া যায়নি। এ ছাড়া দুই অটোরিকশাচালক নিখোঁজের বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে এবং তাদের সন্ধানের জন্য অভিযান চলছে

নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com