বুধবার, ০৮ Jul ২০২৬, ০৬:৩১ অপরাহ্ন

ফুটবল খেলাকে কেন্দ্র করে বন্ধুর ঘুষিতে বন্ধু নিহত

নিজস্ব প্রতিবেদক, নগরকন্ঠ.কম : পিরোজপুর সদর উপজেলার কলাখালী ইউনিয়নে ফুটবল খেলা নিয়ে বন্ধুর ঘুষিতে রাজ্জাক মাঝি (১৩) নামের এক স্কুলছাত্র নিহত হয়েছে। নিহত ওই স্কুলছাত্র ইউনিয়নের রাজারকাঠী গ্রামের নয়ন মাঝির পুত্র ও স্থানীয় রাজারকাঠী মাধ্যমিক বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র ছিল।

নিহতের মামা ইলিয়াস মাঝি জানান, সকালে রাজ্জাক ফুটবল খেলার জন্য বল নিয়ে দক্ষিণ রাজারকাঠী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে যায়। সেখানে ফুটবল খেলা নিয়ে তর্কবির্তক হলে স্থানীয় মৃত ফোরকান হাওলাদারের কিশোর পুত্র স্কুলছাত্র রাজ্জাককে ঘুষি মারে। এসময় রাজ্জাক মাটিতে লুটিয়ে পড়লে স্থানীয়রা তাকে উদ্ধার করে জেলা হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

স্থানীয় ইউপি সদস্য ইমাম হোসেন জানান, বুধবার সকাল সাড়ে ৯টার দিকে ওই স্কুল মাঠে তার বন্ধুদের সাথে ফুটবল খেলছিল। এসময় খেলা নিয়ে নিজেদের সাথে কথা-কাটাকাটির হয়। এক পর্যায় রাজ্জাক মাঝি তার বন্ধুকে গালাগালি দেয়। এ নিয়ে ওই কিশোর তাকে একটি ঘুষি দেয়।

পিরোজপুর জেলা হাসপাতালের চিকিৎসক ডা. তন্ময় মজুমদার জানান, স্কুলছাত্রকে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়েছিল।

এব্যাপারে পিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরুল ইসলাম বাদল বলেন, লাশ উদ্ধার করে পিরোজপুর জেলা হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ঘটনার সাথে জড়িতদের আটকের চেষ্টা করছে পুলিশ এবং মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com