বুধবার, ০৮ Jul ২০২৬, ০৫:২৯ অপরাহ্ন

প্রেম করে বিয়ে, ৬ মাস পর ঝুলন্ত লাশ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক, নগরকন্ঠ.কম : গাজীপুর সিটি কর্পোরেশনের কোনাবাড়ী উত্তরপাড়া এলাকা থেকে এক নারী পোশাক শ্রমিকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে গাজীপুর মেট্রোপলিটন কোনাবাড়ী থানা পুলিশ নিহতের ভাড়া বাসা থেকে লাশটি উদ্ধার করে।

নিহত হাফিজা বেগম (২৮) টাঙ্গাইল জেলার গোপালপুর থানার ঝাওয়ালা গ্রামের আবু হানিফার মেয়ে। তিনি কুড়িগ্রাম জেলার উলিপুর থানা ধামশ্রেনী ভদ্রপাড়া গ্রামের আনিছুরের স্ত্রী।

বাড়ির মালিক আমিনুল জানান, ৬ মাস আগে নিহত হাফিজা স্বামীর সঙ্গে টিনশেড বাড়ির একটি কক্ষ ভাড়া নেয়। আনিছুর প্রেম করে বিয়ে করে হাফিজাকে। তারা দুজনেই স্থানীয় একটি পোশাক কারখানায় চাকরি করতো।

কিন্তু গত ঈদুল আজহার পর তার স্বামী দেশের বাড়ি কুড়িগ্রাম থেকে ফিরে আসেনি। তার স্বামী কুড়িগ্রামে গিয়ে আরেকটি বিয়ে করে। এ সংবাদ পেয়ে মানসিকভাবে ভেঙে পড়েন গৃহবধূ। এরপর থেকে ঘরে ওই গৃহবধূ একাই থাকতেন।

মঙ্গলবার রাতের যে কোনো সময় তিনি ঘরের আড়ার সঙ্গে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছেন। সকালে বাড়ির অন্য ভাড়াটিয়ারা ডাকাডাকি করলে ঘরের দরজা না খোলায় পাশের ঘরের ভেতরে দিয়ে হাফিজার ঝুলন্ত লাশ দেখতে পাওয়া যায়। পরে পুলিশে খবর দেয়া হয়।

গাজীপুর মেট্রোপলিটন কোনাবাড়ী থানার এসআই মাইকেল বণিক জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে ঘরের দরজা ভেঙে নিহতের লাশ উদ্ধার করা হয়। ময়নাতদন্তের জন্য লাশ গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com