বুধবার, ০৮ Jul ২০২৬, ০৫:২৪ অপরাহ্ন

শেরপুরে জমি নিয়ে বিরোধে ইউপি সদস্যসহ নিহত ২

নিজস্ব প্রতিবেদক, নগরকন্ঠ.কম : শেরপুরের নালিতাবাড়ীতে জমি সক্রান্ত বিরোধে দুই পক্ষের সংঘর্ষে এক ইউপি সদস্যসহ উভয় পক্ষের দুজন নিহত হয়েছেন।

বুধবার সকাল সাড়ে ৮টার দিকে নালিতাবাড়ী উপজেলার পশ্চিম রাজনগর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- ঝিনাইগাতী উপজেলার গৌরিপুর ইউনিয়ন পরিষদের বর্তমান সদস্য জয়নাল আবেদীন (৫৮) এবং পশ্চিম রাজনগর গ্রামের রিয়াজুল (৬৫)।

স্থানীয়দের বরাত দিয়ে নালিতাবাড়ী থানার ওসি বছির আহমেদ বাদল জানান, ঝিনাইগাতী উপজেলার বনগাঁও গ্রামসংলগ্ন নালিতাবাড়ী উপজেলার পশ্চিম রাজনগর গ্রামে ১৭ কাঠা জমি নিয়ে জিয়াউল ও ইয়াদ আলীর গংদের মধ্যে বেশ কিছুদিন ধরে বিরোধ চলে আসছিল। এ নিয়ে আদালতে ১৪৪ ধারার একটি মোকদ্দমাও চলমান রয়েছে।

বুধবার সকালে জিয়াউলদের দখলে থাকা জমিতে জিয়াউল ও তার লোকজন রোপা-আমন ধানের চারা রোপণ করছিল। এ সময় প্রতিপক্ষ ইয়াদ আলী ও তার লোকজন লাঠিসোটা নিয়ে অতর্কিত জিয়াউলদের ওপর হামলা করে। এতে দুইপক্ষের মধ্যে সংঘর্ষ হলে ওই দুজন গুরুতর আহত হন।

গুরুতর অবস্থায় জিয়াউলের মামা ও গৌরিপুর ইউনিয়ন পরিষদের বর্তমান সদস্য জয়নাল আবেদীন এবং ইয়াদ আলীর ছোট ভাই রিয়াজুলকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পরে বুধবার বেলা আড়াইটার দিকে সামান্য সময়ের ব্যবধানে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওই দুইজনের মৃত্যু হয়।

এদিকে ইউপি সদস্য জয়নাল আবেদীনের মৃত্যুর সংবাদ শুনে আগে থেকেই অসুস্থ তার বৃদ্ধ মা স্ট্রোকে আক্রান্ত হয়ে মারা যান।

ওসি আরও জানান, লাশের ময়নাতদন্ত এবং ঘটনার পরিপ্রেক্ষিতে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com