বুধবার, ০৮ Jul ২০২৬, ১২:৩৫ অপরাহ্ন

সংসার করতে আসা ভারতীয় নারী এখন কারাগারে

নিজস্ব প্রতিবেদক, নগরকন্ঠ.কম : প্রেমের টানে ঘর বাঁধার স্বপ্ন নিয়ে কুড়িগ্রামের ফুলবাড়ীতে আসা ভারতীয় নারী এখন কারাগারে। শনিবার সকালে ফুলবাড়ী থানার পুলিশ কিন বছরের সন্তানসহ ওই ভারতীয় নারীকে কুড়িগ্রাম কারাগারে পাঠিয়েছে।

লালমনিরহাট ১৫ বিজিবির অধীন অনন্তপুর ক্যাম্পের বিজিবির সদস্যরা খবর পেয়ে শুক্রবার বিকেলে প্রেমিক ওবাইদুল হকের বাড়ি থেকে ওই নারীকে আটক করে। শুক্রবার রাতেই বিজিবি বাদী হয়ে থানায় অবৈধ অনুপ্রবেশের দায়ে মামলা দায়ের করে পুলিশে সোপর্দ করে।

ভারতীয় ওই নারীর নাম শ্রীমতি সুনিয়া সাউ (৩০)। তিনি ভারতের ব্লাশপুর ছত্রিশগড় রাজ্যের মঙ্গলী জেলার জেড়াগাও থানার মৃত ফাগুরাম সাউয়ের মেয়ে। ভারতীয় ওই নারী ঘর বাঁধার স্বপ্ন নিয়ে গত ২৫ জুলাই দালালের মাধ্যমে কুড়িগ্রামের ভুরুঙ্গামারী সীমান্ত পেরিয়ে প্রেমিকের বাড়িতে আসেন। স্থানীয়দের চোখের আড়ালে গত এক মাস ধরে প্রেমিক ওবাইদুল হক (৩৬)-এর বাড়িতে ঘর-সংসার করেন ওই নারী। প্রেমিক ওবাইদুল হকের বাড়ি উপজেলার সীমান্তঘেষা কাশিপুর ইউনিয়নের অনন্তপুর চানদোলার পাড় গ্রামে। তিনি ওই গ্রামের মৃত আবুল কাসেম আলীর ছেলে।

স্থানীয়রা জানান, ওবাইদুল হক ভারতে গিয়ে রাজমিস্ত্রীর কাজ করার সুবাধে ওই নারীর সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে উঠে। পরে ভারতের দিল্লী শহরে চার বছর আগে ওই নারীকে বিয়ে করে ওবাইদুল হক। তাদের ঘরে একটি তিন বছরের ছেলে সন্তানও রয়েছে।

এব্যাপারে ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজীব কুমার রায় ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, থানায় একটি অবৈধ অনুপ্রবেশের অপরাধে ওই বিরুদ্ধে বিজিবি বাদী হয়ে মামলা দায়ের করেছে এবং শনিবার সকালে ভারতীয় নারীকে কারাগারে পাঠানো হয়েছে।

নগর কন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com