বুধবার, ০৮ Jul ২০২৬, ১২:৩৩ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক, নগরকন্ঠ.কম : পটুয়াখালীর গলাচিপায় নিজ বাড়ির পুকুর থেকে মো. জহিরুল ইসলাম খলিফা (৩৬) নামের এক ব্যবসায়ীর লাশ উদ্ধার করেছে পুলিশ। পুলিশ রোববার সকাল সাড়ে ছয়টার দিকে উপজেলার সদর ইউনিয়নের কালিকাপুর এলাকার এক পুকুর থেকে তাঁর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পটুয়াখালী সদর হাসপাতালে পাঠায়।
গলাচিপা থানা পুলিশ ও স্বজনদের সূত্রে জানা গেছে, গলাচিপা উপজেলার সদর ইউনিয়নের মো. রুহুল আমিন খলিফার ছেলে ব্যবসায়ী মো. জহিরুল ইসলাম। শনিবার রাতে জহিরের সঙ্গে তাঁর স্ত্রী জুবায়দার শেষবারের মতো মোবাইল ফোনে কথা হয়েছিল। তখন জহির তাঁর স্ত্রীকে বলেন, দোকান বন্ধ করে বাড়ি আসছি।
এর পর থেকে জহিরর ফোন বন্ধ থাকে। রোববার সকাল সাড়ে ছয়টার দিকে তাঁর চাচা (জহিরের) জাসরুল খলিফা বাড়ির পুকুরপারে গেলে সেখানে জহিরের লাশ ভাসতে দেখে সবাইকে খবর দেন। এ সময় জহিরের ব্যবহৃত পায়ের জুতা পুকুরের ঘাটের বেঞ্চের পাশে রাখা এবং ঘাটে বাচ্চার ওষুধ ও খাবার রাখা ছিল। পুলিশ খবর পেয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পটুয়াখালী হাসপাতাল মর্গে পাঠিয়ে দেয়।
এ প্রসঙ্গে গলাচিপা থানার অফিসার ইনচার্জ মো. মনিরুল ইসলাম বলেন, ব্যবসায়ী জহিরের ভাসমান লাশ উদ্ধার করে সুরতহাল রিপোর্ট শেষে ময়নাতদন্তের জন্য পটুয়াখালী সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। মৃত্যুর রহস্য এখনো উদঘাটন করা যায়নি। এ ঘটনায় গলাচিপা থানায় একটি ইউডি মামলা করা হয়েছে।
নগর কন্ঠ.কম/এআর