বুধবার, ০৮ Jul ২০২৬, ১১:২৮ পূর্বাহ্ন

কলমাকান্দায় রাতের আঁধারে সড়কের ২৭টি গাছ কর্তন

নিজস্ব প্রতিবেদক, নগরকন্ঠ.কম : নেত্রকোনার কলমাকান্দায় রাতের আঁধারে সড়কের দুইপাশ থেকে ২৭টি আকাশ মনি গাছ কর্তন করার অভিযোগ পাওয়া গেছে। রবিবার সকালে স্থানীয় লোকজনের বাধায় আরো ১১৪টি গাছ কর্তন পণ্ড হয়েছে। সন্ধ্যা ৬টার দিকে কর্তনকৃত গাছগুলো গণনা শেষে থানায় প্রেরণ করেন লেংগুরা উপ-সহকারী (ভূমি) কর্মকর্তা (নায়েব) মো. আল আমিন।

স্থানীয়রা জানান, কর্তনকৃত গাছগুলোর বাজার মূল্য হবে প্রায় ২ লক্ষাধিক টাকা। উপজেলার লেংগুরা ইউনিয়নের মুক্তিযোদ্ধা সড়কের মোমেনের টিলা সংলগ্ন এলাকায় এ গাছগুলো কর্তন করা হয়। এগুলো সরকারি সড়কের গাছ।

এদিকে মৌখিক অভিযোগ পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সোহেল রানা রবিবার দুপুরে ঘটনাস্থল পরিদর্শন করে ইউনিয়নের দায়িত্বপ্রাপ্ত ভূমি কর্মকর্তাকে গাছগুলো গণনা করে মামলা দেওয়ার নির্দেশ প্রদান করেন।

স্থানীয়রা জানান, উমেদ আলী পল্লী বিদ্যুতের সংযোগ চালুর কথা বলে গত শনিবার রাত থেকে গাছ কাটা শুরু করে। রাতেই ২৭টি গাছ কেটে ফেলে। কিন্তু নির্মাণকৃত পল্লী বিদ্যুতের লাইনটি কর্তনকৃত গাছ থেকে প্রায় ২৫-৩০ ফুট দূরত্বে রয়েছে। সকালে বিষয়টি নজরে এলে স্থানীয় লোকজন ও যুবলীগের নেতা-কর্মীরা গাছ কর্তনে বাধা দেন এবং ইউএনওকে বিষয়টি অবগত করেন।

অভিযুক্ত উমেদ আলী জানান, কলমাকান্দা পল্লী বিদ্যুতের এজিএম মো. আনিছুল হক বিদ্যুতের সংযোগ চালুর জন্য ওই গাছ কাটার কথা বলেছিলেন। আমার রেকর্ডের জায়গা থেকেই গাছ কাটছিলাম। কিন্তু স্থানীয় যুবলীগের সভাপতিসহ এলাকাবাসী তাতে বাধা দেয়। রাতের আঁধারে গাছ কাটার বিষয়ে প্রশ্ন করলে তিনি এ ড়িয়ে যান।

অপরদিকে পল্লী বিদ্যুতের এজিএম আনিছুল হক বিষয়টি অস্বীকার করেন। এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার মো. সোহেলা রানা জানান, সরকারি গাছ কর্তনের ব্যাপারে থানায় মামলা দেওয়া হয়েছে।

লেঙ্গুরা ইউনিয়ন ভূমি কর্মকর্তা মো. আল আমিন জানান, অবৈধভাবে সরকারি গাছ কর্তনের দায়ে আমি বাদী হয়ে চারজনকে আসামি করে কলমাকান্দা থানায় মামলা দায়ের করব। কর্তনকৃত সমস্ত গাছ সরকারি হেফাজতে নেওয়া হয়েছে।

কলমাকান্দা থানার ওসি মাজহারুল করিম জানান, এ ব্যাপারে কলমাকান্দা থানায় একটি মামলা প্রক্রিয়াধীন।

নগর কন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com